সন্তানদের কাছে থাকাতেই জেনিফারের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লোপেজ
জেনিফার লোপেজ

সন্তানকে যথেষ্ট সময় দিতে পারেন না— কর্মজীবী মায়েদের সম্পর্কে প্রচলিত এই ধারণাকে পাল্টে দিয়েছেন হলিউডের তারকা সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ। এই তারকা শিল্পী জানিয়েছেন, তিনি অনেক বেশি পছন্দ করেন তাঁর সন্তানদের সঙ্গে থাকতে। কাজের কারণে সন্তানদের থেকে দূরে থাকলেও তিনি নিয়মিত তাদের সঙ্গে ভিডিও চ্যাট করতে কখনোই ভোলেন না।

জেনিফার লোপেজ জানিয়েছেন, তিনি মনে করেন মাতৃত্ব নারীকে ক্রমশ শক্তিশালী ও কোমল করে তোলে। আর সময়ের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক সবকিছুকে বদলে ফেলে।

৪৬ বছর বয়সী এই অভিনেত্রী ও গায়িকার বর্তমানে দুই যমজ সন্তান ম্যাক্স ও ইমি।

সন্তানদের প্রসঙ্গে জেনিফার আরও বলেন, ‘ওরা জানে যে ওদের মা ব্যস্ত থাকে। মায়ের ঘুমের জন্য নিজেদের দায়িত্বের ভাগটা ওরা ভালোভাবেই বুঝে নেয়। আমি যখন ঘুমিয়ে থাকি, তখন ওরা কম শব্দ করে। ভাবে, মায়ের ঘুম দরকার, গতরাতে মা অনেকক্ষণ কাজে ব্যস্ত ছিল। তাই আমি বলতেই পারি, এখন আমরা একটা টিম।’

জেনিফার লোপেজ তাঁর সন্তানদের কাছে থাকতে এতটাই পছন্দ করেন যে, মাঝে মাঝে যখন তারা ঘুমিয়ে পড়ে, জেনিফার তাদের বিছানার পাশে যান এবং ছবি তোলেন। এই সংগীত তারকা বর্তমানে তাঁর ক্যারিয়ারের পাশাপাশি সন্তানদেরও সমান গুরুত্ব দিচ্ছেন।


এ সম্পর্কে জেনিফার লোপেজ বলেন, ‘আমি এর মাঝেই আমার আনন্দ খুঁজে পাই, যদি কারও এর মধ্যে থাকতে ভালো লাগে তাহলে ভালো। আর যদি না লাগে, তাও ভালো।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।