সন্তানদের মাঝে হারিয়ে যাওয়া মাকে খুঁজে পান জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী ব্র্যাড পিট (ডানে) ও ছয় সন্তানের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি
স্বামী ব্র্যাড পিট (ডানে) ও ছয় সন্তানের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি

দীর্ঘদিন ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ করে ২০০৭ সালে মৃত্যুবরণ করেন অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মা অভিনেত্রী মার্শেলাইন বারট্র্যান্ড। তবে সন্তানদের মাঝে হারিয়ে যাওয়া মাকে খুঁজে পান বলেই জানিয়েছেন জোলি। সন্তানদের দিকে তাকালেই মায়ের কথা মনে পড়ে যায় বলে জানিয়েছেন ৩৯ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। 

এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে জোলি বলেন, ‘আমি নির্দিষ্ট করে অনুভূতির কথাটা বলতে পারব না। তবে যখনই আমি আমার সন্তানদের দিকে তাকাই, কেন যেন মনে হয় মায়ের সঙ্গে এক ধরনের যোগাযোগ হচ্ছে আমার। তখন আমার ওপর আমার মায়ের প্রভাব উপলব্ধি করতে পারি আমি। মা যেভাবে আমাকে আর আমার ভাইদের বেড়ে তুলেছেন, আমি যেন ঠিক সেভাবেই আমার সন্তানদের বেড়ে তুলছি। বিশেষ করে শিলহ আর ভিভিয়েনের ক্ষেত্রে বিষয়টি বেশি ঘটে। এভাবে সব সময় মা আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছেন।’

জোলি আরও বলেন, ‘আমার মায়ের মনটা অনেক নরম ছিল। কিন্তু সন্তানদের জন্য তিনি যেন পর্বতও নাড়াতে পারতেন। কোমলতা আর শক্তির মিশ্রণ ছিলেন তিনি। নারীদের ভেতর এই গুণটিকে আমি সব সময় অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি।’ এক খবরে এমনটিই জানিয়েছে পিপল ডটকম।

দীর্ঘদিনের সঙ্গী হলিউডের অভিনেতা ব্র্যাড পিটকে জোলি বিয়ে করেছেন চলতি বছরের ২৩ আগস্ট। তাঁদের ছয় সন্তান—ম্যাডক্স (১৩), প্যাক্স (১০), জাহারা (৯), শিলহ (৮) এবং পাঁচ বছর বয়সী যমজ সন্তান ভিভিয়েন ও নক্স।