সমানে সমান

কিছুদিন আগে অভিনেত্রী জেনিফার লরেন্সের একটি মন্তব্যে পুরো হলিউড হয়ে উঠেছিল সরগরম। তিনি কথা বলেছিলেন হলিউডে নারী ও পুরুষের পারিশ্রমিক-বৈষম্য নিয়ে। এরপর অনেকেই লরেন্সের পক্ষে-বিপক্ষে বলেছেন নানা কথা। তবে অভিনেত্রী স্কারলেট জোহানসন বোধ হয় কথায় নন, কাজে বিশ্বাসী। তাই তো নিজের বেলায় এই বৈষম্য দূর করে তবেই মুখ খুললেন। জানালেন, তাঁর সফল মুভি ফ্র্যাঞ্চাইজি অ্যাভেঞ্জার্স-এর দুটি পর্বেই তিনি তাঁর পুরুষ সহ-অভিনেতাদের সমান পারিশ্রমিকই পেয়েছেন। এ জন্য স্কারলেট ধন্যবাদ জানালেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনিকে। ২০১২ সালে মুক্তি পায় অ্যাভেঞ্জার্স ছবিটি। আর চলতি বছর আসে এর দ্বিতীয় পর্ব অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন। দুটি ছবিতে স্কারলেটকে দেখা গেছে ‘ব্ল্যাক উইডো’র চরিত্রে। এই দুই ছবিতে স্কারলেট জোহানসন পেয়েছেন তাঁর সহ-অভিনেতা ক্রিস ইভানস (ক্যাপ্টেন আমেরিকা) ও ক্রিস হেমসওর্থ (থর)-এর সমান পারিশ্রমিক। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন স্কারলেট ও প্রযোজনা সংস্থা ডিজনিও। তবে সেই পারিশ্রমিকের পরিমাণ কত, তা কোনো পক্ষই স্পষ্ট করেনি। অ্যাভেঞ্জার্স সিরিজে বরাবরই সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র, যাঁকে ছবিতে আয়রনম্যানের চরিত্রে দেখা যায়। এরপরই পারিশ্রমিকের দিক থেকে অবস্থান জোহানসন, ইভানস ও হেমসওর্থের।
অ্যাভেঞ্জার্স ছবিতে স্কারলেট জোহানসনের পারিশ্রমিকের ব্যাপারে স্পষ্ট জানা না গেলেও ফোর্বস সাময়িকী একটি প্রতিবেদনে জানিয়েছে এই অভিনেত্রীর বার্ষিক আয়ের পরিমাণ। যা বলছে, গত বছর তাঁর আয় ছিল ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। গার্ডিয়ান।