সাইরাসের প্রেমে অ্যালেন

স্কারলেট জোহানসন। এরপর এমা স্টোন। এই দুজনকে ‘অতীত’ বানিয়ে দিয়ে উডি অ্যালেন এবার মাইলি সাইরাসের প্রেমে। অবশ্যই সেই প্রেম পরিচালক-অভিনেত্রীর। হানা-মন্টানা দিয়ে খ্যাতির তুঙ্গে পৌঁছানো সাইরাস আবার ফিরছেন অভিনয়ে।

অ্যালেন এবার অ্যামাজনের জন্য ছয় পর্বের টিভি সিরিজ বানাচ্ছেন। সিরিজের নাম এখনো ঠিক হয়নি। তবে ৮০ বছরের ‘তরুণ’ এই নির্মাতা সিরিজটি লিখবেন, পরিচালনা ও অভিনয় করবেন। ষাটের দশকের কমেডি ধাঁচের গল্প বেছে নিয়েছেন অ্যালেন। সাইরাস ছাড়াও শীর্ষ ভূমিকায় থাকছেন কমেডির কারণে বিখ্যাত অভিনেত্রী এলাইন মে।
অ্যালেনের সঙ্গে কাজ করার সৌভাগ্য হবে—সাইরাস নিজেও হয়তো কয়েক দিন আগেও ভাবেননি। একের পর এক বিতর্কের কারণে বেখবরে জড়িয়ে পড়া, সেই সঙ্গে লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তো ছিলই। সাইরাস গত চার বছর টুকটাক কিছু কাজ ছাড়া অভিনয়ও করেননি। গান নিয়েই মেতে ছিলেন। অ্যালেনের সঙ্গে কাজ করা, তাও ষাটের দশকের প্রেক্ষাপটে—চ্যালেঞ্জটা নিতে পারবেন তো!