সাদাদের অস্কার, কালোদের গোলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন সিনথিয়া এরিভো। ছবি: ইনস্টাগ্রাম
অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন সিনথিয়া এরিভো। ছবি: ইনস্টাগ্রাম

জীবনভিত্তিক ছবি ‘হ্যারিয়েট’–এ দুর্দান্ত অভিনয় এবারের অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন এনে দিয়েছে সিনথিয়া এরিভোকে। ৯২তম আসরের মনোনয়নে দেখা গেছে, মনোনীত হওয়া ২০ জন অভিনেতা-অভিনেত্রীর মধ্যে ১৯ জনই শ্বেতাঙ্গ। একমাত্র কৃষ্ণাঙ্গ হিসেবে মনোনয়নের দৌড়ে জয়ী হয়ে অস্কারের জন্য লড়ছেন সিনথিয়া। আর বিষয়টি নিয়ে দুঃখিত তিনি।

একমাত্র কৃষ্ণাঙ্গ হিসেবে মনোনয়নের দৌড়ে জয়ী হয়ে অস্কারের জন্য লড়ছেন সিনথিয়া এরিভো। ছবি: ইনস্টাগ্রাম
একমাত্র কৃষ্ণাঙ্গ হিসেবে মনোনয়নের দৌড়ে জয়ী হয়ে অস্কারের জন্য লড়ছেন সিনথিয়া এরিভো। ছবি: ইনস্টাগ্রাম

অস্কারে মনোনয়ন পেয়ে কেমন লাগছে? হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী এই ইংরেজ অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী উত্তরে বলেন, ‘অস্কারে মনোনয়ন পাওয়ার মুহূর্তটা আমার জন্য উদ্‌যাপনের। কিন্তু আমি তা করতে পারছি না। মনোনয়ন তালিকায় কৃষ্ণাঙ্গ হিসেবে আমি একা কেন? এমন অনেক কৃষ্ণাঙ্গ আছেন, যাঁরা দুর্দান্ত কাজ করেও মনোনয়ন পাননি। অন্যরা (সাদারা) কেন তাঁদের গ্রহণ করবে না? অস্কার হাতে স্মৃতি হাতড়ে পেছনে ফিরে তাকিয়ে বলবে, ওরা ভালো অভিনয় করেছে, ওদের জন্য গোলাপ! আমি এই ধরনের বৈষম্যমূলক আচরণ ঘৃণা করি।’

সিনথিয়া আরও বলেন, ‘একটা ঘরে আমি কেবল একা কৃষ্ণাঙ্গ। আর বাকিরা সবাই সাদা। আমার জন্য এই অনুভূতি দুঃখের। আমি আমার এই গর্বিত মুহূর্ত আরও কালো বর্ণের মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই।’

বৈষম্যমূলক আচরণকে ঘৃণা করেন সিনথিয়া এরিভো। ছবি: ইনস্টাগ্রাম
বৈষম্যমূলক আচরণকে ঘৃণা করেন সিনথিয়া এরিভো। ছবি: ইনস্টাগ্রাম

সিনথিয়া এরিভো ছাড়াও সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়নপ্রাপ্তরা হলেন স্কারলেট জোহানসন (ম্যারিজ স্টোরি), সিয়োর্স রোনান (লিটল ওমেন), শার্লিজ থেরন (বম্বশেল) ও রেনেই জেলওয়েগার (জুডি)।

অস্কারে শুভ্র গাত্রবর্ণের আধিক্য নতুন নয়। তবে ২০১৬ সালে এ নিয়ে প্রবল প্রতিবাদের ঝড় উঠলে একাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নিয়েছিল। গতবার কিছুটা উন্নতি হলেও এবার যেন কয়েক পা পিছিয়ে গেল একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে একমাত্র কৃষ্ণাঙ্গ হিসেবে মনোনয়ন পেয়েছেন সিনথিয়া এরিভো। ছবি: ইনস্টাগ্রাম
অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে একমাত্র কৃষ্ণাঙ্গ হিসেবে মনোনয়ন পেয়েছেন সিনথিয়া এরিভো। ছবি: ইনস্টাগ্রাম

নিন্দুকেরা বলছেন, শুধু গায়ের রং ও লিঙ্গের ভিন্নতার কারণেই নাকি ‘হাসলারস’ ছবিতে অনবদ্য অভিনয় করেও মনোনয়ন তালিকায় নাম ওঠাতে পারেননি জেনিফার লোপেজ। এর কারণ বিচারকদের সাদা রঙে হারিয়ে যাওয়ার মানসিক প্রবণতা।

সমালোচকেরা বলছেন, একাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষের বর্ণ ও লিঙ্গবৈষম্য না করার অঙ্গীকার এবার দারুণভাবে হোঁচট খেয়েছে। এই সংস্থার সদস্য প্রায় নয় হাজার। এঁদের ভোটেই মনোনয়ন ও পুরস্কার চূড়ান্ত হয়। অভিযোগ উঠেছে, এই সদস্যরাই বের হতে পারছেন না সাদা রঙের মোহ থেকে।

তাঁরা হয়তো ভাবছেন, শ্যামলা ও কৃষ্ণবর্ণের মানুষের অভিনয় ও ছবি নির্মাণের দক্ষতা নেই! ৯২তম আসরে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পাওয়া নয়টি ছবির চারটির কাহিনিই ভীষণভাবে সাদা মানুষের, সাদা সমাজের। অন্য বর্ণের সেখানে গুরুত্ব নেই।