সান্ড্রার ভেলকি

কী বলবেন একে? বুড়ো হাড়ের ভেলকি নয়তো কী! ৫০ বছর বয়সে এসেই আসল জাদু যেন দেখালেন সান্ড্রা বুলক। ফোর্বস সাময়িকীর হলিউডের সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রীদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন এই অভিনেত্রী। অবশ্য বুলক একা নন, ‘চল্লিশের পরেই আসল জীবনের শুরু’—এই তত্ত্ব মেনেই যেন সবচেয়ে বেশি আয় করা সেরা দশের তালিকায় ‘বুড়ো’দের জয়জয়কার! ছয়জনই ৪০ পেরিয়েছেন কিংবা ৪০-এর দোরগোড়ায়।
গ্র্যাভিটি হয়তো তাঁকে অস্কার এনে দেয়নি। তবে এই এক ছবির বদৌলতে গত অর্থবছরে পাঁচ কোটি ১০ লাখ ডলার আয় করেছেন বুলক। বিশাল ব্যবধানে পেছনে ফেলেছেন জেনিফার লরেন্সকে (তিন কোটি ৪০ লাখ)। তিনে আছেন আরেক জেনিফার—অ্যানিস্টোন (তিন কোটি ১০ লাখ)। এরপর আছেন গিনেথ প্যালট্রো (এক কোটি ৯০ লাখ), অ্যাঞ্জেলিনা জোলি (এক কোটি ৮০ লাখ), ক্যামেরন ডিয়াজ (এক কোটি ৮০ লাখ), স্কারলেট জোহানসন (এক কোটি ৭০ লাখ), অ্যামি অ্যাডামস (এক কোটি ৩০ লাখ), নাটালি পোর্টম্যান (এক কোটি ৩০) এবং ক্রিস্টেন স্টুয়ার্ট (এক কোটি ২০ লাখ ডলার)। আইএএনএস।