সামনে শুধু 'অ্যাভাটার'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্য ফোর্স অ্যাওয়াকেনস’ ছবির একটি দৃশ্য
‘দ্য ফোর্স অ্যাওয়াকেনস’ ছবির একটি দৃশ্য

সব মিলিয়ে ‘স্টার ওয়ার্স: ‘দ্য ফোর্স অ্যাওয়াকেনস’ ছবিটি কেবল যুক্তরাষ্ট্রেই আয় করেছে ৭৪ কোটি ৩ লাখ ডলার। এরই মধ্যে পেছনে ফেলেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ এবং ‘টাইটানিক’ ছবিকে। সামনে শুধুই ‘অ্যাভাটার’; ৭৬ কোটি ডলারের রেকর্ডটা ভাঙা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।

৭০ কোটি ডলারের মাইলফলক ছুঁতে যেখানে ‘অ্যাভাটার’ ছবিটি সময় নিয়েছিল ৭২ দিন, সেখানে ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেনস’-এর সময় লেগেছে মাত্র ১৬ দিন। আর তাই দ্রুততম আয়ের রেকর্ডটাও এরই মধ্যে স্টার ওয়ার্সের এই নতুন ছবির দখলে।
কথা ছিল বক্স অফিসে সাফল্যের শুরুটা হবে রাজসিক। চলচ্চিত্র সমালোচকেরা অন্তত তাই জানিয়েছিলেন। তবে কমেডি-ড্রামা ঘরানার ছবি ‘দ্য হেটফুল এইট’-এর ভাগ্যে তেমন কোনো বিশেষণ জোটেনি। কারণ? মহিরুহ হয়ে ছায়া ফেলেছে ‘স্টার ওয়ার্স’ সিরিজের সর্বশেষ ছবি ‘দ্য ফোর্স অ্যাওয়াকেনস’।
মুক্তির এক পক্ষকাল পরেও এ ছবির ‘ফোর্স’ বা গতি এতই তীব্র যে, শুধুমাত্র নতুন বছরের দিনগুলোতে উত্তর আমেরিকাতেই ‘দ্য ফোর্স অ্যাওয়াকেনস’ আয় করেছে ৮ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার। তাও সর্বশেষ হিসাবটা দুদিন আগের।
এখন পর্যন্ত জে জে আবরাম পরিচালিত ‘দ্য ফোর্স অ্যাওয়াকেনস’ ছবিটির বিশ্বব্যাপী আয় ১৫১ কোটি ডলারে পৌঁছেছে। ‘বক্স অফিস মোজো’র হিসাবে ৬০টি বিভাগের শীর্ষস্থান এখন ‘দ্য ফোর্স অ্যাওয়াকেনস’ ছবির দখলে।
অবস্থাটা এখন এমন দাঁড়িয়েছে যে বক্স অফিসের হিসাব নয়, বরং রেকর্ড ভাঙা-গড়ার হিসাব রাখতেই হিমশিম খাচ্ছেন সবাই। দ্য নিউ ইয়র্ক টাইমস।