সালমাকে খুনের হুমকি দিয়েছিলেন হার্ভি

অস্কারজয়ী অভিনেত্রী সালমা হায়েক মুখ খুলেছেন। প্রভাবশালী হলিউড প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের যৌন হয়রানি প্রসঙ্গে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে লিখেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস পত্রিকায়। মেক্সিকান এই অভিনেত্রী সেখানে লিখেছেন, তাঁকে খুনের হুমকি দিয়েছিলেন হার্ভি।
গত অক্টোবর মাসে হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ তোলেন তাঁর কয়েকজন কর্মচারী ও বেশ কয়েকজন হলিউড অভিনেত্রী। এরপর থেকে হার্ভির এসব কাণ্ড নিয়ে অনেকেই নিজেদের অভিজ্ঞতার কথা জানান দিতে শুরু করেন। কেউ কেউ আবার খোলামেলাভাবে তুলে ধরেন ব্যক্তিগত হয়রানির কথা। এ ঘটনার পর ‘মি টু’ হ্যাশট্যাগ দিয়ে বিভিন্ন অঙ্গনের নারীরা সব ধরনের হয়রানির বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। এত দিন এসব থেকে গা বাঁচিয়ে রেখেছিলেন সালমা হায়েক। হার্ভি প্রসঙ্গে জানতে চাইলে বলতেন, ‘হ্যাঁ, তিনি (হার্ভি) আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন।’ কিন্তু সেটি যে প্রাণনাশের হুমকি পর্যন্ত গিয়েছিল, তা প্রকাশ করলেন এত দিন পর!
নিউইয়র্ক টাইমস-এ সালমা লিখেছেন, ‘আমার জীবনে তিনি ছিলেন একটা দানবের মতো। যদিও তাঁকে আমি ক্ষমা করে দিয়েছিলাম। ভেবেছিলাম, তাঁর বিরুদ্ধে একা দাঁড়িয়ে কিছুই বদলাতে পারব না। কিন্তু এখন দেখছি, আমার নীরবতা তাঁকে আরও শক্তি জুগিয়েছিল।’

হার্ভি প্রযোজিত ফ্রিদা ছবিতে অভিনয় করে ২০০২ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছিলেন সালমা হায়েক। এই ছবির জন্যই গোল্ডেন গ্লোব আর বাফটার মতো সম্মানজনক পুরস্কার উঠেছিল তাঁর ঘরে। কিন্তু ছবিটি করতে গিয়েই বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছিলেন তিনি। ৫১ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘হার্ভি নানা আপত্তিকর প্রস্তাব করতেন। আমি “না” বলতাম। “না” শব্দটি তিনি অপছন্দ করতেন। এ জন্য তিনি আমাকে খুনের হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “তোমাকে মেরে ফেলব। ভেবো না যে পারব না।”’
হার্ভি চেয়েছিলেন বলে শেষমেশ একটি আপত্তিকর দৃশ্যে অভিনয় করেছিলেন সালমা। তাঁর মতে, ছবির গল্পের সঙ্গে দৃশ্যটির প্রাসঙ্গিকতা ছিল না। এক নারীর সঙ্গে অন্তরঙ্গ সেই দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে সালমা বলেন, ‘কাঁদছিলাম খুব। তাই দৃশ্যটি ঠিকভাবে করার জন্য আমাকে মাদক নিতে হয়েছিল, যা থামিয়েছিল আমার কান্না। তখন কোনো আবেগ-অনুভূতি ছিল না আর। এরপরের বিবমিষা ছিল আরও বাজে।’
সালমার এসব দাবির প্রতিবাদে হার্ভির মুখপাত্র বলেছেন, ‘সালমা হায়েকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে হার্ভি ওয়াইনস্টিন যুক্ত নন।’ সূত্র: বিবিসি।