সিনেমার দৃশ্য বাস্তবে
২০১৫ সালের ছবি ‘দ্য রেভেন্যান্ট’–এর একটি দৃশ্যের কথা সবার মনে থাকার কথা। বরফে ঢাকা জঙ্গল। শীতের প্রকোপ থেকে বাঁচতে অভিনেতা ডিক্যাপ্রিও খুঁজে ফেরেন আশ্রয়। চোখে পড়ে একটি ঘোড়ার মৃতদেহ।
ওম পেতে নগ্ন হয়ে সেই মৃতদেহের মধ্যেই ঢুকে পড়েছিলেন তিনি। ডিক্যাপ্রিওর বাস্তব জীবনেও ঘটেছে এমন। সম্প্রতি একটি অনুষ্ঠানে সে কথাই জানালেন তিনি।
‘হ্যাপি স্যাড কনফিউজড পডকাস্ট’ অনুষ্ঠানে এসেছিলেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। সেখানে তিনি জানান, পোষা কুকুরকে বাঁচাতে বরফভর্তি লেকে ঝাঁপ দিয়েছিলেন। ডোন্ট লুক আপ ছবির শুটিংয়ে তাঁর সঙ্গী ছিল দুটি কুকুর। তিনি বলেন, ‘আসলে ওরা বরফভর্তি লেকে পড়ে যায়। ওদের বাঁচাতে আমি ঝাঁপ দিই। আমি ঠিক বুঝতে উঠতে পারছিলাম না, লেকে নেমে কী করব।’ অনুষ্ঠানে ডিক্যাপ্রিওর সঙ্গী ছিলেন অভিনেত্রী জেনিফার লরেন্স। তিনি বলেন, ‘কুকুরটাকে লেক থেকে তুলতেই অন্য কুকুরটিও লেকের মধ্যে ঝাঁপ দেয়।’
কী অবস্থা হয়েছিল ক্যাপ্রিওর? বরফের ভেতর থেকে কুকুর উদ্ধারের ব্যাপারটিতে লরেন্সের মনে পড়ে যায় ডিক্যাপ্রিওর ২০১৫ সালের দ্য রেভেন্যান্ট–এর কথা, যেখানে দেখা গিয়েছিল ক্যাপ্রিওর চরিত্রটি শীত থেকে বাঁচতে মৃত ঘোড়ার ভেতরে ঢুকে যায়। মজা করে জেনফিার বলেন, ‘আমি নিশ্চিত, আপনারা সবাই অবাক হতেন। আমি নিজেও অবাক হয়েছিলাম। কারণ, তিনি তৎক্ষণাৎই গাড়ির মধ্যে নগ্ন হয়ে পড়েছিলেন।’
‘ডোন্ট লুক’ আপ ছবির কাজের সময় আরেক শিল্পী জোনা হিল ও ডিক্যাপ্রিও একটি ভাড়াবাড়িতে থাকতেন। কুকুর দুটি বাড়িতে কী করে বেড়াত, তার ছবি তুলে পরিচালক অ্যাডাম ম্যাকাইকে পাঠাতেন ডিক্যাপ্রিও। এ ছবিতে লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্স বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি ২৪ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে।