সিন্ডি ক্রফোর্ডের বলিউড স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিন্ডি ক্রফোর্ড
সিন্ডি ক্রফোর্ড

সুপারমডেল, অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব সিন্ডি ক্রফোর্ড ভারত সফরে গিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন বলিউডের। প্রস্তাব পেলে বলিউডের ছবিতে অভিনয় করবেন বলেও আগ্রহ প্রকাশ করেছেন ৪৯ বছর বয়সী এ মার্কিন তারকা।
ওমেগা ঘড়ির দূত হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে সফরের অংশ হিসেবে সম্প্রতি মুম্বাই যান সিন্ডি। সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন বলিউড সম্পর্কে সবাই জানে। এর ব্যাপ্তি বিশাল। আন্তর্জাতিক অঙ্গনে এটি সুপরিচিত।
সিন্ডি আরও বলেন, ‘মনে হচ্ছে, বলিউড সম্পর্কে আমার আরও ভালো করে জেনে আসা উচিত ছিল। তাহলে বলিউডের প্রিয় ছবি কিংবা অভিনয়শিল্পীর নাম বলতে পারতাম। কিন্তু আমি খুব একটা ছবি দেখি না। এমনকি মার্কিন ছবিও না। আমি টিভি শো দেখতে বেশি পছন্দ করি।’
বলিউডের ছবিতে কাজের আগ্রহ প্রকাশ করে সিন্ডি এও বলেন, ভালো কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে বলিউডের সঙ্গে তিনি সম্পৃক্ত হবেন। বলিউডের ছবিতে কাজ করতে পারলে তাঁর অনেক ভালো লাগবে বলেও জানান সিন্ডি।
চলতি বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হচ্ছে সিন্ডি ক্রফোর্ডের লেখা বই ‘বিকামিং’। বইটিতে ব্যক্তি ও পেশাজীবনে ঘটে যাওয়া নানা ঘটনাসহ আরও বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন সিন্ডি। তাঁর পঞ্চাশটি আলোকচিত্রও থাকছে বইটিতে। বইটি নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। বললেন, ‘শৈশব থেকে শুরু করে আজ পর্যন্ত জীবন আমাকে অনেক কিছুই শিখিয়েছে। তা নিয়েই লিখেছি আমি।’