সিরিয়ার শরণার্থীদের নিয়ে লিখলেন জোলি

কেবল সুঅভিনেত্রীই নয়, সাহসী লেখক হিসেবেও সুনাম আছে অ্যাঞ্জেলিনা জোলির। নিউইয়র্ক টাইমস পত্রিকায় স্তন ও জরায়ুর ক্যানসার বিষয়ে এর আগে দুবার তিনি উপসম্পাদকীয় লিখেছেন। এবার সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কলম ধরেছেন অস্কারজয়ী এ অভিনেত্রী।
সিরিয়াকে ‘মৃত্যুপুরী’ উল্লেখ করে জোলি লিখেছেন, ‘দারিদ্র্য, ভয় আর আশাহীনতা সেখানকার মানুষগুলোকে সহ্যের শেষ সীমায় নিয়ে গেছে। সাহায্য করার মানসিকতা সীমানা দিয়ে বেঁধে ফেলা যায় না। মানবিকতা ও মূল্যবোধ কখনো কখনো জাতীয়তা, ধর্ম কিংবা সংস্কৃতিকেও ছাপিয়ে যায়।’ মঙ্গলবার প্রকাশিত উপসম্পাদকীয়তে এমনটাই লিখেছেন তিনি। ধারালো লেখায় জোলি আরও যোগ করেছেন, ‘যারা এই পরিস্থিতির শিকার, মানুষ হিসেবে তাদের অধিকারের প্রতি পূর্ণ সম্মান রেখে তাদের প্রয়োজনগুলো আমাদের বোঝা উচিত। কারও “ভালোভাবে বাঁচার আকাঙ্ক্ষা”কে আমরা দোষারোপ করতে পারি না।’
২০০১ সালে অ্যাঞ্জেলিনা জোলিকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক শুভেচ্ছাদূত এবং ২০১২ সালে বিশেষ দূত হিসেবে নিযুক্ত করা হয়। সে দায়িত্ববোধ থেকেই জোরালো ভাষায় তিনি আহ্বান জানিয়েছেন, শুধু ইউরোপই নয়, বিশ্বের প্রতিটি দেশেরই এই সংকট সমাধানে ভূমিকা রাখা উচিত। ইঅনলাইন।