সিলভেস্টার স্ট্যালনের ভয়ংকর অভিজ্ঞতা!

ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন হলিউডের সব নামজাদা তারকা। কিন্তু হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালন শুধু নিন্দা নয়, জানালেন তাঁর ভয়ংকর অভিজ্ঞতার কথাও। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে স্ট্যালন জানান, সেদিন হামলার কিছুক্ষণ আগেও তিনি নিসে ছিলেন। উৎসবস্থলে দাঁড়িয়ে তোলা একটি ছবি দিয়ে তিনি এই হামলার নিন্দা জানান।

গত বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবসের আতশবাজি উৎসবে আসা মানুষের ওপর চলন্ত ট্রাক হামলা হয়। এরপর ইনস্টাগ্রামে দেওয়া স্ট্যালনের ছবিতে দেখা গেছে, এই অভিনেতা ‘স্যালুট’ দেওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন আর পেছনে আতশবাজি জ্বলছে। ছবির নিচে তিনি লিখেছেন, ‘ফ্রান্সের নিস শহরের সেই ভয়াবহ, কাপুরুষোচিত ঘটনার কয়েক মুহূর্ত আগে।’
৭০ বছর বয়সী এই ‘রকি’ তারকা জুলাই মাসের শুরুর দিকে তাঁর স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ফ্রান্সে ভ্রমণে যান। ৬ জুলাই ছিল এই অভিনেতার জন্মদিন। জন্মদিন পালন করতেই পরিবার নিয়ে তাঁর এবারের ফ্রান্স সফর। সেখানে অবকাশযাপনের অনেক ছবিও তিনি প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। ডেইলি মেইল।