সিলভেস্টারের মৃত্যু গুজব!

গত সপ্তাহে হঠাৎ খবর ছড়াল ‘র্যাম্বো’ আর নেই। অর্থাৎ অভিনেতা সিলভেস্টার স্ট্যালন মারা গেছেন! এমনকি খ্যাতিমান এই হলিউড অভিনেতার মৃত্যু নিয়ে খবরও প্রকাশ করল সিএনএনের মতো গণমাধ্যম। পরে অবশ্য জানা গেল খবরটি ছিল ভুয়া। সত্তর বছর বয়সের এই অভিনেতা বেঁচে আছেন।
নিজের মৃত্যুর খবরটি ভুয়া প্রমাণ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছিলেন সিলভেস্টার নিজেই। গুজব ছড়ানোর কয়েক দিন পরে ছবি শেয়ারিংয়ের সাইট ইনস্টাগ্রামে নিজের মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘মেয়ের সঙ্গে অসাধারণ এক নৈশভোজ’। তবে তাঁর মৃত্যুর গুজব নিয়ে এখনো নানা রকম তামাশা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জুলাই মাসে বাস্তিল দিবসের উৎসবে ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলা হয়। হামলার কিছুক্ষণ আগে ঘটনাস্থলেই ছিলেন সিলভেস্টার স্ট্যালন। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন তিনি। ‘ক্রিড’ ছবির জন্য এবার অস্কারে মনোনয়ন পেয়েছিলেন সিলভেস্টার। এনডিটিভি।