সুন্দর সেই হৃদয়টি আর নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণিতবিদ জন ন্যাশের (বাঁয়ে) পাশে অভিনেতা রাসেল ক্রো এবং পরিচালক রন হওয়ার্ড
গণিতবিদ জন ন্যাশের (বাঁয়ে) পাশে অভিনেতা রাসেল ক্রো এবং পরিচালক রন হওয়ার্ড

নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন গণিতবিদ জন ন্যাশ (৮৬) আর নেই। গত শনিবার যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় তিনি তাঁর স্ত্রী অ্যালিসিয়াসহ (৮২) প্রাণ হারান। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ ন্যাশের জীবনকাহিনি নিয়েই তৈরি হয়েছিল সাড়া জাগানো অস্কার বিজয়ী ছবি আ বিউটিফুল মাইন্ড।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট পুলিশের একজন মুখপাত্র জানান, মনরো টাউনশিপ এলাকায় ন্যাশকে বহনকারী ট্যাক্সি একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশের গার্ড রেইলের সঙ্গে সংঘর্ষে ট্যাক্সি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তাঁরা। এ ঘটনায় সোমবার (গতকাল) দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।
জন ফোর্বস ন্যাশ জুনিয়রকে (জন ন্যাশ) বিংশ শতাব্দীর সেরা গণিতবিদদের একজন হিসেবে বিবেচনা করা হয়। ‘গেম থিওরি’ নিয়ে গবেষণার জন্য তিনি ১৯৯৪ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। গণিতবিদ হিসেবে শুরুটা দারুণ হলেও ভেতরে ভেতরে তিনি স্রিজোফ্রিনিয়ার মতো জটিল রোগ পুষছিলেন। ন্যাশ পরিবারের জীবনী নিয়ে রচিত আ বিউটিফুল মাইন্ড ছবির পরিচালক রন হওয়ার্ড এক টুইট বার্তায় লিখেছেন, ‘তাঁদের জীবনের গল্প বলতে পারা আমার জন্য সম্মানের বিষয় ছিল।’ ছবিতে ন্যাশের চরিত্রে অভিনয়কারী রাসেল ক্রো এ ঘটনায় খুব মর্মাহত হয়েছেন। তিনি টুইটে লেখেন, ‘জন, অ্যালিসিয়া এবং পরিবারের সবার প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। এক দারুণ বোঝাপড়ার সম্পর্ক ছিল তাঁদের। সুন্দর হৃদয়ের মানুষ ছিলেন তাঁরা।’ সিএনএন।