সুরেলা পরিবেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কার মঞ্চে লেডি গাগার পরিবেশনা
অস্কার মঞ্চে লেডি গাগার পরিবেশনা

২০১৪ সালে যেমন ফ্যারেল উইলিয়ামসের ‘হ্যাপি’ গানের সঙ্গে নেচেছিলেন মেরিল স্ট্রিপ কিংবা জেনিফার লরেন্সের মতো তারকারা। এবার কিন্তু তেমনটা ঘটেনি কোনো পরিবেশনার বেলায়। এ বছরের অস্কার পরিবেশনাগুলো ছিল বেশ ধীরস্থির গতির।
স্যাম স্মিথ তাঁর ‘বন্ড’ সিরিজের ‘রাইটিংস অন দ্য ওয়াল’-এর জন্য সেরা গানের অস্কারটি জিতে নিলেও অস্কার আসরে তাঁর গানের পরিবেশনা অনেকেরই মন জয় করতে পারেনি। তবে ‘সব ভালো যার শেষ ভালো’ প্রবাদটির মতো অস্কারমূর্তি হাতে নিয়ে পরিবেশনার ঘাটতির কথা ভুলেই যান স্যাম।
তবে স্যামের পরিবেশনা বাদ দিলে অস্কারসন্ধ্যার বাকি তিনটি আয়োজনই কিন্তু পেয়েছে দারুণ প্রশংসা। বিশেষ করে লেডি গাগার অস্কার মনোনয়ন পাওয়া ‘টিল ইট হ্যাপেন্স টু ইউ’ গানটির পরিবেশনা ছিল সবার সেরা। এটা কিন্তু ঢালাও কথা নয়। পরিবেশনার শেষে অভিনেত্রী কেট উইন্সলেট, র্যা চেল ম্যাকঅ্যাডামস এবং গানের সহগীতিকার ডিয়ান ওয়ারেনের চোখের জল এবং সবার দাঁড়িয়ে অভিবাদন জানানো ভঙ্গিই বলে দিয়েছে, অস্কারসন্ধ্যার সেরা পরিবেশনাটি ছিল লেডি গাগার।
তা ছাড়া ফিফটি শেডস অব গ্রে ছবিতে ব্যবহৃত অস্কার মনোনয়ন পাওয়া দ্য উইকেন্ডের ‘আর্নড ইট’ গানটির পরিবেশনাও মুগ্ধ করেছে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে উপস্থিত দর্শকদের। আর গত এক বছরে প্রয়াত চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীদের গানে গানে শ্রদ্ধা জানাতে ডেভ গ্রোল বিটলসের ‘ব্ল্যাকবার্ড’ গানটি পরিবেশন করলে স্মৃতিকাতর হয়ে ওঠেন অনেকেই। সেই সঙ্গে গানের ফাঁকে ফাঁকে প্রয়াত অ্যালেন রিকম্যান কিংবা ডেভিড বোওয়ির কণ্ঠ তাঁদের শূন্যতাকে যেন আরও গভীরভাবে উপলব্ধি করায়।