সেই দিন কি আর আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেসা থম্পসন
টেসা থম্পসন

‘আমাকেও ক্রিসের সমান টাকা দিতে হবে’—প্রযোজকদের ঠিক এভাবে কথাটা বলেননি হলিউড তারকা টেসা থম্পসন। একে তো নারী, তার ওপর রংটা একটু কালো। নারী অভিনয়শিল্পীদের সম্মানী যে পুরুষের থেকে কম, সে কথা কে না জানে। অথচ এই মেয়ের কাছেই প্রযোজকেরা জানতে চেয়েছিলেন, কত টাকা সম্মানী চান?

নারী অভিনয়শিল্পীদের ক্ষেত্রে বৈষম্য দূর করতে গত বছর শুরু হওয়া টাইমস আপ আন্দোলনে যোগ দেন মেন ইন ব্ল্যাক ইন্টারন্যাশনাল ছবির নায়িকা টেসা থম্পসন। সেই আন্দোলনেই তিনি শপথ নিয়েছিলেন, কর্মস্থলে যৌন হয়রানির বিরুদ্ধে দাঁড়াবেন আর পুরুষ সহকর্মীর সমান সম্মানী চাইবেন। আন্দোলনের জের ধরে তাঁকে এখন আর নামমাত্র সম্মানীতে কাজে ডাকা হয় না। বরং সম্মানী কত হলে চলবে—সেই আলোচনার সুযোগ দেওয়া হয়। থর: রাগনারক ছবিতে সহশিল্পী ক্রিস হেমসওর্থের সমান টাকা নেওয়ার সুযোগ না পেলেও মেন ইন ব্ল্যাক ইন্টারন্যাশনাল-এ সেই সুযোগ এসেছিল।

সম্মানীর সমতা প্রসঙ্গে টেসা বলেন, ‘আমরা এমন এক জায়গায় বাস করি, যেখানকার মূল্যবোধ হচ্ছে লিঙ্গ ও বর্ণ বৈষম্যময়। আমরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি। এ থেকে উত্তরণের পথ একটাই, সেটা হচ্ছে মূল্যবোধের নতুন একটি মডেল তৈরি করা।’ পুরুষ সহকর্মীর সমান সম্মানী প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি ক্রিস হেমসওয়ার্থ কে। তাঁর সঙ্গে কোনো দিক থেকেই আমার তুলনা চলে না। কিন্তু ছবি যখন সফল হবে, তখনকার কথা ভিন্ন। তখন আর ওই বিতর্ক টিকবে না। তখন আমি সমান ভাগ চাইব।’

হলিউড বৈচিত্র্যহীন। সেখানে বর্ণবাদ বিরাজমান, নেই লিঙ্গসমতা। এ কারণে প্রায়ই হতাশ হয়ে পড়েন টেসা। তিনি বলেন, ‘সমান সম্মানীর কথা বলব? সেটা নাটালি পোর্টম্যানরা বলতে পারেন, আমার মতো কালো মেয়েরা নয়। একে তো কালো, তার ওপর আবার পুরুষ সহকর্মীর সমান টাকা চাইব? হলিউডে সেই দিন কি আর আসবে?’ এসশোবিজ