সেই মুহূর্তের অপেক্ষায়

এক হাঁটু মাটিতে গেড়ে, সামনের দিকে বাড়িয়ে দেওয়া এক হাত। সেই হাতে ধরা অনামিকার আংটি...এই মুহূর্তটার জন্যই কি এখন অপেক্ষা করছেন কেলি ব্রুক? সম্প্রতি এই ইংলিশ মডেল অভিনেত্রীর আঙুলে একটা আংটি দেখা গেছে। গুঞ্জন রটে যায়, তবে কি তাঁর প্রেমিক জেরেমি পারিসি হাঁটু গেড়ে ‘উইল ইউ ম্যারি মি’ বলে ফেলেছেন? কেলি ভুল ভাঙালেন। বললেন, এটা জন্মদিনের উপহার হিসেবে পাওয়া। তবে তাঁর প্রার্থনা, জেরেমি যেন সত্যি সত্যিই বিয়ের আংটিটাও পরিয়ে দেন শিগগিরই।
কেলি বলেছেন, ‘ভাবছি আংটিটা খুলেই রাখব। সবার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি হয়রান। না, আমরা এনগেজড হইনি। আসলে অন্য কোনো আঙুলে ঠিকমতো বসছিল না—এ জন্যই অনামিকায় পরেছি।’ তাতেই বিয়ের গুঞ্জন!
তবে ৩৬ বছর বয়সী কেলি বিয়ের পিঁড়িতে বসতে প্রস্তুত। এর আগে দুবার আংটি বদল হলেও বিয়েটা হয়নি। জ্যাসন স্ট্যাথামের সঙ্গে দীর্ঘ সম্পর্কটা তো আংটি পর্যন্তই যায়নি। তবে কেলি মনে করেন, জেরেমিই সেই মানুষটা, যাঁর জন্য তাঁর অপেক্ষা, ‘আশা করি ও আমাকে বড় একটা হীরার আংটি দেবে, সেই আংটি। ও সত্যি চমৎকার একজন, পরিবারকেন্দ্রিক। কোনো নাটুকেপনা নেই, মানসিক অত্যাচার নেই।’