সেকেলে মা মেগান ফক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেগান ফক্স
মেগান ফক্স

এখন প্রযুক্তির কারণে বদলে যাচ্ছে জীবনযাপনের সমীকরণ, পরস্পরের সম্পর্ক, চিন্তাভাবনা-দর্শন। কিন্তু এই প্রযুক্তির উৎকর্ষ এখনো ছুঁতে পারেনি হলিউড অভিনেত্রী মেগান ফক্সের সন্তানদের। সন্তান লালনের বেলায় মেগান ফক্স নাকি সেকেলে মা। অ্যাংরি বার্ডস গেম কিংবা ইনস্টাগ্রামে ছবি দেওয়া তো দূরের কথা, তিনি তাঁর দুই ছেলেকে সহজে টেলিভিশন কিংবা সিনেমাও দেখতে দেন না। তাঁর ধারণা, প্রযুক্তির ওপর নির্ভরশীলতা তাঁর সন্তানদের স্বাভাবিক বিকাশে বাধা তৈরি করবে।
সম্প্রতি মেগান ফক্স তাঁর নতুন ছবি টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টেলস-এর প্রচারণার সময় এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের পিপল ম্যাগাজিনকে।
মেগান বলেন, ‘ইদানীং দেখি মায়েরা তাঁদের ঘর-সংসার সামলানোর অজুহাতে সন্তানদের হাতে তুলে দেন আইপ্যাড কিংবা গেমিং কনসোল। ভাবেন, বাচ্চারা এসব নিয়ে ব্যস্ত থাকলে তাঁরা ঠিকঠাকমতো ঘরের কাজগুলো সারতে পারবেন। কিন্তু সন্তানেরা ওই সব প্রযুক্তিতে আসক্ত হয়ে গেলে তারা আর তা থেকে বেরিয়ে আসতে পারে না। তাই আমি আমার সন্তানদের সেই প্রযুক্তির মায়াতেই পড়তে দিইনি।’
কিন্তু এর ফলে কি পিছিয়ে গেল না মেগানের ছেলেরা। ‘মোটেও না’—মেগানের কথা। তাঁর যুক্তি হলো, ‘প্রকৃতি থেকে সরাসরি যে জ্ঞানটুকু নেওয়া দরকার, আমার ছেলেরা তা ঠিকই গ্রহণ করছে।’
ব্রায়ান অস্টিন গ্রিন ও মেগানের সংসারে আছে দুই ছেলে; একজনের বয়স সাড়ে তিন, অন্যজনের দুই। পিপল।