সেদিন পিট-জোলির মধ্যে বিমানে যা হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট

হলিউডের জনপ্রিয় জুটি ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির ১২ বছরের সংসার গত সেপ্টেম্বরে ভেঙে গেছে। এখন তাঁরা ছয় সন্তানের অভিভাবকত্ব নিয়ে আদালতে লড়ছেন। ব্যক্তিগত বিমানে বড় সন্তান ম্যাডক্সের সঙ্গে পিটের খারাপ ব্যবহার করার জের ধরেই পিট-জোলির সংসারে বেজে ওঠে ভাঙনের সুর। এই সামান্য ঘটনায় এক যুগের সম্পর্ক ভেঙে যাওয়ার তো কথা নয়। প্রথম থেকেই এ কথায় অনেকে সন্দেহ প্রকাশ করছিলেন। সংবাদ সংস্থা আইএনএসের এক প্রতিবেদনে সম্প্রতি প্রকাশ পেয়েছে সেদিন বিমানে ঘটে যাওয়া আসল ঘটনা।

২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর ছয় সন্তান নিয়ে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ১২ ঘণ্টার এই ভ্রমণে অতিরিক্ত মদ্যপান করছিলেন পিট। তাঁদের ব্যক্তিগত বিমানটি মিনেসোটা ফলস আন্তর্জাতিক বিমানবন্দরে নামার প্রায় এক ঘণ্টা আগে থেকেই জোলি পিটকে সংযত হতে বলেন। কিন্তু পিট সেই কথায় ভ্রুক্ষেপ না করে কাণ্ডজ্ঞানহীন আচরণ করতে থাকেন।
ঘটনাস্থলে উপস্থিত একটি সূত্র সংবাদমাধ্যমকে জানায়, বিমানে থাকা অবস্থাতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। বিমান থেকে নামার পরেও চলতে থাকে তর্ক। এমন পরিস্থিতিতে ম্যাডক্স মা-বাবার ঝগড়া থামাতে গেলে তাঁর গায়ে হাত তুলতে উদ্যত হন পিট।
সেদিন একই গাড়িতে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল ব্র্যাড আর জোলির। কিন্তু বিমান থেকে নেমে আলাদা গাড়ি ডাকেন জোলি। ছয় সন্তান নিয়ে তিনি এক পথে রওনা দেন আর পিট আরেক পথে। সেই থেকেই দুজনার পথ আলাদা হলো। সেদিনের ঘটনা যে বিচ্ছেদ পর্যন্ত গড়াবে, সেটা কি স্বয়ং পিটও টের পেয়েছিলেন?
অবশ্য ইদানীং কিছু প্রতিবেদনে প্রকাশ পাচ্ছে, ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি আলাদা হয়ে গেলেও সন্তানদের স্বার্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। আইএএনএস।