সেরা গ্যাজেট
নতুন নতুন গ্যাজেট আর প্রযুক্তির ব্যবহার জেমস বন্ড ছবিগুলোকে করেছে আরও আকর্ষণীয়। অ্যাস্টন মার্টিনের ডিবি ফাইভ মডেলের গাড়ি ‘গোল্ডফিঙ্গার’ ও ‘থান্ডারবল’ ছবিতে দেখা গেছে। মেশিনগান–সমৃদ্ধ বুলেটপ্রুফ এই গাড়ি সে সময়ের বিবেচনায় কল্পবিজ্ঞানের গাড়ি ছিল।
বলা হয়ে থাকে, ‘টুমরো নেভার ডাইজ’ সিনেমাতে নাকি প্রথম দেখা গেছে স্মার্টফোন। এরিকসন কোম্পানির জেমস বন্ডের এই মুঠোফোনে স্ক্রিন আছে। যার মাধ্যমে বন্ড তার গাড়ি নিয়ন্ত্রণ করে। দর্শক মুঠোফোনটি ভীষণ পছন্দ করেছিলেন। এরিকসন পরে এ রকম সত্যিকারের ফোন বাজারে আনে।
ট্রিক ব্রিফকেস বন্ডের গুপ্তচরবৃত্তির অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। ফ্রম রাশিয়া উইথ লাভ ছবিতে এই ব্রিফকেসের দারুণ ব্যবহার দেখা যায়। ব্রিফকেসের মধ্যে থাকে স্নাইপিং রাইফেল, ২০ রাউন্ড গুলি ও ছুরি। জেমস বন্ড আর রোলেক্স কোম্পানির ঘড়ি যেন হরিহর আত্মা। সৌন্দর্যের পাশাপাশি গুপ্তচরবৃত্তিতেও কাজে লাগত এই ঘড়ি। জেমস বন্ডের আরেক অস্ত্র সিগারেট ও টুথপেস্ট বম্ব। টুথপেস্ট মূলত ছিল প্লাস্টিক এক্সপ্লোসিভ। আর ডেটোনেটরের কাজ করে সিগারেট কেস।