সেরা চিত্রনাট্য জর্ডান পিলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্ডান পিল
জর্ডান পিল
>
  • সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন ‘গেট আউট’ ছবির জন্য জর্ডান পিল।
  • এই ছবির চিত্রনাট্য লিখতে গিয়ে তিনি ২০ বার থেমে যান।

অস্কারের ৯০তম আসরে সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন ‘গেট আউট’ ছবির জন্য জর্ডান পিল। বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী নিকোল কিডম্যান। জীবনের প্রথম অস্কার অর্জন করে জর্ডান বলেন, এই ছবির চিত্রনাট্য লিখতে গিয়ে তিনি ২০ বার থেমে যান। আবার নতুন করে লিখতে শুরু করেন। তাঁর ধারণা ছিল, ছবিটি কেউ দেখবে না। অবশেষে এই চিত্রনাট্যকারের অনুমান ভুল প্রমাণিত হয়েছে। ৩৯ বছর বয়সী এই চিত্রনাট্যকার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘যাঁরা আমার এই ছবিটি দেখেছেন, ছবির টিকিট কিনেছেন ও অন্যদের দেখার কথা বলেছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।’ মৌলিক চিত্রনাট্য বিভাগে এই প্রথম কোনো আফ্রিকান-আমেরিকান ব্যক্তি অস্কার জয় করেছেন।

এ ছাড়া এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলেন ‘দ্য বিগ সিক’ ছবির জন্য এমিলি গর্ডন ও কুমেইল নানজিয়ানি, ‘লেডি বার্ড’ ছবির জন্য গ্রেটা গারউইগ, গিয়েরমো দেল তোরো ও ভেনেসা টেলর মনোনয়ন পান ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির জন্য এবং মার্টিন ম্যাকডোনা ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’র জন্য।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় আজ ৫ মার্চ ভোরে বসেছে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর। গতবারের মতো এবারের আসরও উপস্থাপনা করছেন জিমি কিমেল। বিশ্বের ২২৫টিরও বেশি দেশে এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশের দর্শকেরা স্টার মুভিজ চ্যানেলেও অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারছেন।