সেরা সহ-অভিনেতা রেল্যান্স, সহ-অভিনেত্রী অ্যালিসিয়া

‘দ্য ড্যানিশ গার্ল’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এবারের ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) আসরে সেরা সহ অভিনেত্রীর অস্কার জিতেছেন অভিনেত্রী অ্যালিসিয়া ভিকান্দার। এই পুরস্কার প্রাপ্তির দৌড়ে তিনি পিছনে ফেলেছেন জেনিফার জেসন লি (দ্য হেটফুল এইট), রুনি মারা (ক্যারল), রিচেল ম্যাকঅ্যাডামস (স্পটলাইট) ও কেট উইন্সলেট (স্টিভ জবস) এর মতো অভিনেত্রীদের।
অভিনয়ের জন্য এবারের অস্কারের মঞ্চ থেকে দেওয়া প্রথম পুরস্কারটিই অ্যালিসিয়ার হাতেই উঠল। দারুণ উচ্ছ্বসিত অ্যালিসিয়া পুরস্কার প্রাপ্তির অভিব্যক্তি ভাগ করে নিতে গিয়ে বলেন, ‘এটা পাগলামি না হয়ে পারে না! ওয়াও! আমাকে এমন একটি সম্মাননা জানানোর জন্য অ্যাকাডেমিকে অসংখ্য ধন্যবাদ'।
সহকর্মীদেরকেও ধন্যবাদ জানান তিনি। বিশেষ করে এডি রেডমাইনের উদ্দেশে বলেন, ‘এডি, ঐতো তুমি! অনেক ধন্যবাদ আমার সেরা অভিনয়যুগল হওয়ার জন্য। তোমাকে ছাড়া আমার পক্ষে এটা কিছুতেই সম্ভব ছিলো না। তুমি আমার খেলা জমিয়েছ।’
রোববারের অস্কারে, হালকা হলুদ রঙের ঝকমকে লুইস ভুটন গাউন পরে অস্কারের লাল গালিচা মাতান অ্যালিসিয়া।
অপরদিকে, ‘ব্রিজ অব স্পাইস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন মার্ক রেল্যান্স। সিলভেস্টার স্ট্যালনকেও হারিয়ে দিয়েছেন তিনি। অনেকেই ধরে নিয়েছিলেন এই পুরস্কারটি জিতবেন স্ট্যালন, ‘ক্রিড’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য। এই পুরস্কারের দৌড়ে স্ট্যালন ছাড়াও ক্রিস্টিয়ান বেল (দ্য বিগ শর্ট), টম হার্ডি (দ্য রেভেন্যান্ট), মার্ক রাফালো (স্পটলাইট) এর মতো বাঘা বাঘা অভিনেতাকে পিছনে ফেলেছেন রেল্যান্স।
তথ্যসূত্রঃ এএফপি, অস্কার ডট গো ডটকম।
