সেলেনা প্রসঙ্গে মুখ খুললেন ব্লুম

সম্প্রতি কানাডা যাওয়ার সময় লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দী হন ব্রিটিশ অভিনেতা অরলান্ডো ব্লুম এবং মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। বিমানবন্দরে সন্দেহজনক লুকোচুরির কারণে তাঁদের অভিসারের খবর ছড়িয়ে পড়ে। কিন্তু ২২ বছর বয়সী সেলেনার সঙ্গে অভিসারের বিষয়টিকে স্রেফ গুঞ্জন বলে দাবি করেছেন ৩৭ বছর বয়সী ব্লুম।
অস্ট্রেলিয়ান মডেল মিরান্ডা কারের সঙ্গে ব্লুমের তিন বছরের সংসার ভেঙে যায় ২০১৩ সালে। অন্যদিকে, সম্প্রতি কানাডিয়ান পপগায়ক জাস্টিন বিবারের সঙ্গে প্রেম ভেঙে দিয়েছেন সেলেনা। এর কয়েক দিনের মাথায় ব্লুমের সঙ্গে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে ক্যামেরাবন্দী হন সেলেনা। সে সময় চেহারা আড়াল করার জন্য মাথায় বিশাল টুপি পরা অবস্থায় দেখা যায় ব্লুমকে। অন্যদিকে পাপারাজ্জিদের ঠিকমতো ছবি তুলতে না দেওয়ার জন্য মুখ লুকানোর চেষ্টা করেন সেলেনা। এই লুকোচুরি খেলার পর তাঁদের অভিসারের জোর গুঞ্জন ওঠে।
সেলেনার সঙ্গে অভিসারের সত্য-মিথ্যা সম্পর্কে জানতে চাইলে ব্লুম দাবি করেন, সেলেনা এবং তিনি একে অন্যকে জীবনসঙ্গী হিসেবে দেখছেন না। তাঁদের অভিসারের বিষয়টি স্রেফ গুঞ্জন। একটি অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা কানাডা গিয়েছিলেন। সেটাকেই ফুলিয়ে-ফাঁপিয়ে অভিসারের খবর রটানো হয়েছে। এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলিমেইল ডটকম।
ব্লুম জানিয়েছেন, তরুণ প্রজন্মকে ভালো কাজের মাধ্যমে পৃথিবী বদলে দেওয়ার জন্য উৎসাহ জোগাতেই উই ডে কনফারেন্সে যোগ দিয়েছেন তিনি ও সেলেনা।