স্করসিস-ডি ক্যাপ্রিও আবার একসঙ্গে

শোনা যাচ্ছিল আগে থেকেই, মার্টিন স্করসিসের পরবর্তী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ব্যাপারটা তাহলে গুজব নয়! এবার স্করসিসই বিষয়টি নিয়ে কথা বললেন। ‘কনসিকোয়েন্স অ্যান্ড সাউন্ড’ পত্রিকায় এক সাক্ষাৎকারে তিনি জানান, এরিক লারসেনের ‘ডেভিল ইন দ্য হোয়াইট সিটি’ ছবিতে অভিনয়ের জন্য তিনি লিওনার্দো ডি ক্যাপ্রিওকেই বেছে নিয়েছেন। ছবিটির গল্প একজন সিরিয়াল কিলারের জীবন নিয়ে আবর্তিত।
সিরিয়াল কিলার হেনরি হোমসের ভূমিকায়ই অভিনয় করবেন ডি ক্যাপ্রিও।
‘২০১৭ সালের জানুয়ারি থেকেই যেন আমি এই ছবির কাজে নেমে পড়ি, সেটাই প্রযোজকেরা চাইছেন। দেখি কী করা যায়। ছবির কাহিনি তো সত্যিই খুব আকর্ষণীয়!’ বলেছেন স্করসিস।
উপন্যাসটি ছাপা হয়েছিল ২০০৩ সালে এবং তা হয়েছিল বেস্টসেলার। কাহিনিটি এমন, হেনরি হোমস নামের একজন চিকিৎসক ১৮৯৩ সালে শিকাগো শহরের একটি আন্তর্জাতিক প্রদর্শনী চলার সময় মানুষ হত্যা করছিলেন। কারও হিসেবে হত্যার শিকার মানুষের সংখ্যা ২৭ জন, কারও হিসেবে তা ২০০। সব কটি হত্যাকাণ্ডই তিনি ঘটিয়েছিলেন তাঁর হোটেলে, পরে মিডিয়ায় যার নাম হয়েছিল ‘মৃত্যুপুরী’। হত্যাকাণ্ডের জন্য নয়, একটি ঘোড়া চুরির অপরাধে তাঁকে পুলিশ ধরেছিল, এরপরই তাঁর থলের বিড়াল বেরিয়ে পড়ে।
গত গ্রীষ্মে এই ছবির ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু নানা কাজের ঝামেলায় স্করসিস ছবি তৈরির কাজটি স্থগিত রেখেছিলেন।
লিওনার্দো ডি ক্যাপ্রিও এই উপন্যাসের চলচ্চিত্র রূপ দেওয়ার ব্যাপারে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন ২০১০ সালেই।
স্করসিস ও ডি ক্যাপ্রিও এক হলে সব সময়ই ভালো কিছু ঘটে। ‘গ্যাংস অব নিউইয়র্ক’, ‘দ্য এভিয়েটর, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’, ‘দ্য ডিপার্টেড’—সব কটি ছবিই অসাধারণ। শেষ ছবিটির জন্য অস্কারে স্করসিস সেরা পরিচালক হয়েছেন। কনসিকোয়েন্স অব সাউন্ড