স্টার ট্রেক তারকা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তন ইয়েলচিন
আন্তন ইয়েলচিন

হলিউডের জনপ্রিয় মুভি সিরিজ ‘স্টার ট্রেক’ খ্যাত অভিনেতা আন্তন ইয়েলচিন গতকাল রোববার নিজের গাড়ির চাপায় নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তাঁর নিজের বাড়ির সামনেই এই দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, ২৭ বছর বয়সী এই তারকা মহড়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, কোনো কারণে তিনি গাড়ি থেকে নেমে পেছনের দিকে গিয়েছিলেন। এ সময় তিনি হ্যান্ড ব্রেক উঠিয়ে রাখেননি। গাড়িটি তাই পেছন দিকে চলতে শুরু করে এবং ইয়েলচিনকে পেছনের চিঠির বাক্সের সঙ্গে চেপে ধরে, ফলে তাঁর পক্ষে আর সেখান থেকে বের হওয়ার সুযোগ ছিল না। ঘটনাস্থলেই মারা যান তিনি।

ইয়েলচিন বন্ধুদের সঙ্গে মহড়ায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিলেন। অনেকটা সময় পেরিয়ে গেলেও আন্তন মহড়ায় উপস্থিত না হওয়ায় বন্ধুরা খোঁজ নিতে তাঁর বাড়িতে আসেন। এরপর বাড়ির সামনে তাঁর মৃতদেহ আবিষ্কার করেন তাঁরা।

‘স্টার ট্রেক’–এর তৃতীয় সিক্যুয়েলের শুটিংও শেষ করেছিলেন তিনি। ‘স্টার ট্রেক বিয়নড’ নামের এই সিক্যুয়েল আগামী মাস থেকে দেখানো হবে।

আন্তনের জন্ম রাশিয়ার লেনিনগ্রাদে। ১৯৮৯ সালে তাঁর পরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। গত শতাব্দীর নব্বইয়ের দশকের শেষ ভাগে আন্তন টেলি–সিরিয়ালে কাজ করা শুরু করেন।

ইউএসএ টুডে