স্টার সিনেপ্লেক্সে ‘ঘোস্টবাস্টার্স: আফটার লাইফ’
মনে আছে আশির দশকের বিখ্যাত মুভি সিরিজ ‘ঘোস্টবাস্টার্স’-এর কথা? যেখানে দলবল নিয়ে ভূত ধরে বেড়াতেন বিল মারে। এবার পর্দায় আসছে প্রতীক্ষিত সিনেমা ‘ঘোস্টবাস্টার্স: আফটার লাইফ’। ‘ঘোস্টবাস্টার্স’ সিনেমার এই সিকুয়েলটি শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে । আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাবে।
‘ঘোস্টবাস্টার্স’ সিরিজের প্রথম দুটি ছবি প্রযোজনা করেছিল কলম্বিয়া পিকচার্স। প্রথম ও দ্বিতীয় পর্ব ‘ঘোস্টবাস্টার্স’ এবং ‘ঘোস্টবাস্টার্স টু’ মুক্তি পায় যথাক্রমে ১৯৮৪ এবং ১৯৮৯ সালে। প্রথমটি অবশ্য ছিল যৌথ প্রযোজনা। তৃতীয় সিনেমাটি প্রযোজনা করেছে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট।
স্টার সিনেপ্লেক্সের সূত্রে জানা গেছে, লম্বা সময় ধরে ছবিটি চালানোর কথা চলছে। ছবিটি গত জুলাইয়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও করোনার কারণে স্থগিত হয়ে যায়। আগের ছবিতে দেখা গেছে, শহরে রীতিমতো ভূতের দলের আবির্ভাব ঘটেছে। এবারের ছবির গল্প আবর্তিত হয়েছে একজন মা এবং তার দুটি বাচ্চাকে কেন্দ্র করে; যারা একটি ছোট শহরে এসে আসল ভূতবাসীর সঙ্গে সংযোগ তৈরি করে। তাদের দাদার রেখে যাওয়া গোপন সম্পত্তির উত্তরাধিকার আবিষ্কার শুরু করবে তারা।
জেসন রেইটম্যানের পরিচালিত এই সিনেমাটির প্রথম ও দ্বিতীয় পর্ব ‘ঘোস্টবাস্টার্স’ এবং ‘ঘোস্টবাস্টার্স টু’ ছবিগুলোতে মারে, ড্যান অ্যাক্রয়েড এবং হ্যারল্ড রামিসকে ভূতশিকারি প্যারাসাইকোলজি অধ্যাপক হিসেবে দেখানো হয়েছিল। মারে, অ্যাক্রয়েড, সিগুর্নি উইভার নতুন এই সিকুয়েলটিতেও আছেন। ফিরে আসা অভিনেতার মধ্যে আরও রয়েছেন অ্যানি পটস ও আরনি হাডসন। সিনেমাটিতে নতুন যুক্ত হয়েছেন অভিনেতা পল রাড, ক্যারি কুন, ফিন উলফহার্ড ও ম্যাককেনা গ্রেস।
আগের ছবিটি আশানুরূপ সাফল্য না পাওয়ায় এবারের ছবিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন পরিচালক রেইটম্যান। যার ফলও পেয়েছেন ভালো। গত আগস্টে লাস ভেগাসের সিনেমাকন ইভেন্টে ছবিটি প্রদর্শনের পর দর্শক–সমালোচকদের প্রশংসা পায় ছবিটি।