স্টুডিওর চেয়ারে বসে মহাকাশ ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম হ্যাঙ্কস
ছবি: সংগৃহীত

মাত্র কয়েক মিনিটের জন্য ২৮ মিলিয়ন মার্কিন ডলার! বাংলা টাকায় ২৩৯ কোটি ৮৩ লাখের বেশি। এত টাকা খরচ করে মাত্র ১০ মিনিটের জন্য বেড়াতে যেতে রাজি নন টম হ্যাঙ্কস। বরং চেয়ারে বসে মনে মনে মহাকাশ বেড়িয়ে এলেন অভিনেতা।

জিমি কিমেলের টক শোতে এসেছিলেন অস্কারজয়ী খ্যাতিমান অভিনেতা টম হ্যাঙ্কস। সেখানেই শোনালেন মুক্তিপ্রতীক্ষিত ‘ফিঞ্চ’ ছবির নানা অভিজ্ঞতা। ছবিটি বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর। সেই সূত্রেই অভিনেতা জানালেন, তাঁকে মহাকাশ ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন উদ্যোক্তা, আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। নিউ শেফার্ড নামের রকেটে গত ২০ জুলাই চার যাত্রী নিয়ে মহাকাশ ঘুরে এসেছেন বেজোস। টম হ্যাঙ্কসকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এত টাকা খরচ করে মহাকাশে বেড়াতে যেতে চাননি টম। প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছেন, মহাকাশে যাওয়ার ইচ্ছে নেই, তিনি বরং পৃথিবীতেই ভালো আছেন। উপস্থাপক জিমি কিমেল জানতে চান, গেলে কী হতো? টম বলেন, ‘টাকা খরচ করতে পারলে যাওয়া যেত। কিন্তু এ যাত্রায় খরচ হতো ২৮ মিলিয়ন ডলার। আমি এমনিতেই আরামে আছি, জিমি। এত টাকা খরচ করতে আমি পারতাম না।’

টম হ্যাঙ্কস
ছবি: ইনস্টাগ্রাম

তবে বিকল্প পদ্ধতিতে মহাকাশ ভ্রমণের একটা পথ বাতলে দিয়েছেন টম। জিমির অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের উদ্দেশে মজা করে টম বলেন, ‘বিনে পয়সায় আমরা এক্ষুনি এই স্টুডিওতেই ১২ মিনিটের জন্য মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারি।’ তিনি নিজের আসনে আধশোয়া হয়ে বসেন। সবাইকে সেভাবে বসতে বলেন। টম বলেন, ‘আসুন, ভেবে নিই আমরা সবাই একেকজন কোটিপতি।’ উল্লেখ্য, জেফ বেজোসের ওই রকেটে চড়ে গত মাসে ভ্রমণে গিয়েছিলেন ৯০ বছর বয়সী কানাডীয় অভিনেতা উইলিয়াম শাটনার।

ফিঞ্চ ছবিতে টম হ্যাঙ্কস ও তাঁর সঙ্গীরা
ছবি: অ্যাপল টিভি প্লাস

বেজোসের রকেটে যাত্রা না করলেও এবার ব্যতিক্রমী এক যাত্রায় বেরিয়ে পড়বেন টম। কাল শুক্রবার অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাচ্ছে টম হ্যাঙ্কস অভিনীত নতুন সিনেমা ‘ফিঞ্চ’। ইতিমধ্যে ছবির ট্রেলার ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে ভক্তদের মধ্যে। ছবিটিতে ফিঞ্চ নামে একজন প্রকৌশলীর চরিত্রে দেখা যাবে টম হ্যাঙ্কসকে। এখানে তাঁর সঙ্গী গুডইয়ার নামের একটি কুকুর। তাঁর মৃত্যুর পর কুকুরটির দেখাশোনার জন্য ফিঞ্চ তৈরি করেন একটি রোবট। বৈরী আবহাওয়া, ভয়াবহ গরম, অতিবেগুনি রশ্মিসহ অপ্রত্যাশিত নানা চ্যালেঞ্জের ভেতর একটি বাংকারে গুডইয়ার ও রোবট জেফকে নিয়ে কাটতে থাকে ফিঞ্চের দিন। ছবিটি পরিচালনা করেছেন মিগেল সাপোচনিক।