স্ট্যালন কন্যাত্রয় মিস গোল্ডেন গ্লোব

২০১৭ সালের জানুয়ারিতে বসতে যাচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডয়ের ৭৪ তম আসর। আর এই আসরের মিস গোল্ডেন গ্লোব একজন নয়, গুনে গুনে তিনজন! প্রথমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজক হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ) অতিথিদের হাতে পুরস্কার পৌঁছে দেওয়ার জন্য তিনজন নারীকে বেছে নিয়েছে। সেই তিনজন হলেন হলিউডের খ্যাতনামা অভিনয়শিল্পী সিলভেস্টার স্ট্যালনের তিন কন্যা সোফিয়া (২০), সিস্টিন (১৮) ও স্কারলেট (১৪) স্ট্যালন।
এইচএফপিএ’র সভাপতি লরেঞ্জো সোরিয়া এই ঘোষণা দেন। সে অনুষ্ঠানে সোফিয়া, সিস্টিন এবং স্কারলেটও উপস্থিত ছিলেন। নিয়ম অনুযায়ী প্রতি বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের আসরে একজন তারকার যে কোনো একজন সন্তান ‘মিস্টার’ বা ‘মিস গোল্ডেন গ্লোব’-এর খেতাব পান। তাঁর দায়িত্ব পুরস্কারের সেই সোনালি মূর্তিটি নিজ হাতে করে অতিথির কাছে পৌঁছে দেওয়া, যিনি পুরস্কার প্রদান করবেন। এবার মনে হচ্ছে নতুন করে নিয়ম সাজানো হয়েছে স্ট্যালন কন্যাদের বিশেষ সম্মানে।
তিন বোন জানিয়েছেন তাঁদের ‘বিখ্যাত’ বাবার কাছে একটি ফোন কল আসার পর বাবার মুখেই ‘সুখবরটি’ প্রথম শুনতে পান। খবরটি জানার পর বোনেরা এতটাই আত্মহারা হয়ে গিয়েছিলেন যে খুশিতে চিৎকার চেঁচামেচি আর নাচ-গান শুরু করে দিয়েছিলেন!
সোফিয়া কাজ করতে চান পর্দার পেছনে, শিখতে চান বাবার কাছ থেকে। সিস্টিন বাবার মতো কাজ করতে চান সিনেমায়। কিন্তু স্কারলেট এখনো জানেন না তিনি কী করবেন। কেননা এখনো তিনি হাই স্কুলের গণ্ডিই পার হননি। অ্যাকশন হিরো স্ট্যালন যেমন ‘রকি’র মতো সিনেমা দিয়ে হলিউড মাতিয়েছিলেন, দেখা যাক বাবার মতো হলিউডের মঞ্চটাও কাঁপাতে পারেন কিনা তাঁর কন্যাত্রয়।
ইয়াহু, ইউএস উইকলি