স্নানঘরে কেটের অস্কার মূর্তি!

এটা তো সবারই জানা যেকোনো বিশেষ অর্জন সব সময় যদি চোখের সামনে থাকে, তা হয় ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার বিষয়। তাই তারকাদের জেতা বড় বড় পুরস্কার খুব যত্ন করেই তুলে রাখার কথা। কিন্তু হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট কী কাণ্ড ঘটিয়েছেন জানেন? তিনি তাঁর প্রিয় অস্কার মূর্তিখানা সাজিয়ে রেখেছেন গোসলখানায়!
অবাক হয়ে গেলেন তো? এর পেছনে কেট দেখিয়েছেন একটি যৌক্তিক কারণ। বলেছেন, স্নানঘরের আয়নার সামনে দাঁড়িয়ে প্রায় দিনই তিনি নাকি একা একা সেই অস্কার মূর্তি হাতে নিয়ে কল্পনার জগতে হারিয়ে যান। আগামীবার অস্কার জিতলে কী বলবেন মঞ্চে দাঁড়িয়ে—সেসবই অস্কার মূর্তি হাতে স্নানঘরে চর্চা করেন তিনি। কে জানে, আসছে ছবি স্টিভ জবস কিংবা ড্রেসমেকার–এর কল্যাণে এই চর্চা কাজেও লেগে যেতে পারে!
ব্রিটিশ এই অভিনেত্রী একাডেমি অ্যাওয়ার্ডের ইতিহাসে ছয়বার মনোনয়ন পেয়েছেন। স্নানঘরে সাজানো অস্কারটি কেট পেয়েছেন ২০০৯ সালে, দ্য রিডার ছবির জন্য। ভ্যারাইটি।