স্পর্শকাতর বিষয় নিয়ে কৌতুক নয়
২০১৭ সালে মার্কিন পপশিল্পী সেলেনা গোমেজের শরীরে প্রতিস্থাপন করা হয় তাঁরই বন্ধুর কিডনি। নিঃসন্দেহে একটি মানবিক কাজ। এমন একটি বিষয় নিয়ে কী কৌতুক করা যায়? অথচ তাই করেছে দ্য গুড ফাইট। মার্কিন এই সিরিজের একটি পর্বে সেলেনা গোমেজের কিডনি প্রতিস্থাপন নিয়ে ঠাট্টা–মশকরা করা হয়েছে। স্বভাবতই ব্যাপারটায় ভীষণ খেপেছেন সেলেনাভক্তরা।
এ নিয়ে তাঁরা ক্যাম্পেইনও শুরু করেছেন। সেলেনা নিজেও যারপরনাই দুঃখিত হয়েছেন। পর্বটি প্রচারের দুই সপ্তাহ পর গত মঙ্গলবার টুইটার ও ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন শিল্পী। তিনি লিখেছেন, ‘বুঝি না কিডনি প্রতিস্থাপন কী করে টিভি শোর ঠাট্টার বিষয় হয়। অথচ দুঃখজনক হলেও ঠিক তাই হয়েছে।’
সব স্পর্শকাতর বিষয় নিয়ে কৌতুক না করার পরামর্শ দিয়ে সেলেনা লিখেছেন, ‘আশা করি, পরবর্তীকালে লেখকদের আলোচনার টেবিলে যখন এ রকম অরুচিকর কৌতুক উপস্থাপন করা হবে, তখন তখনই যেন দ্রুত তা বাতিল করা হয়, সেটি প্রচার করা না হয়।’ সেলেনা বলেছেন এটি ‘অরুচিকর’ কৌতুক।
ভক্তদেরও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সেলেনা। এই পপশিল্পী টুইটারে লিখেছেন, ‘ভক্তরা সব সময়ই আমার পাশে থাকে। তোমাদের জন্য ভালোবাসা।’ এই শিল্পী টুইটারে পোস্টের সঙ্গে অঙ্গ দান করার একটি লিংকও দিয়েছেন। সবার কাছে অঙ্গপ্রত্যঙ্গ দান করার আহ্বান জানিয়েছেন।
১৭ জুলাই প্রচারিত সিরিজটির পঞ্চম মৌসুমের চতুর্থ পর্বে একটি দল কৌতুকের ওপর বাতিল সংস্কৃতির প্রভাব নিয়ে আলোচনা করে। তখন জিজ্ঞাসা করা হয়, কোনো বিষয় নিয়ে কৌতুক করা যায় না। উত্তর আসে, নেক্রোফেলিয়া, অটিজম ও সেলেনা গোমেজের কিডনি ট্রান্সপ্লান্ট।
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে ওঠেন ভক্তরা। প্যারামাউন্ট প্লাসের ওই পর্বের স্রষ্টাদের সেলেনা গোমেজকে শ্রদ্ধা করতে বলেন। শোটির একটি কাছের সূত্র দ্য হলিউড রিপোর্টারকে বলছে, ‘যদি সম্পূর্ণ পর্বটি দেখা হয়, তাহলে বোঝা যাবে, যেসব বিষয় নিয়ে কৌতুক করা যায় না, তাই নিয়ে আলোচনা করতে গিয়েই গোমেজের প্রসঙ্গ এসেছে। এ প্রসঙ্গে রেফারেন্স দেওয়া হয় যে তাঁর কিডনি ট্রান্সপ্লান্ট আসলে কৌতুক করার বিষয় নয়।’