স্বর্ণ পামের দিনে পোলানস্কির প্রতাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বাংলাদেশ সময় গভীর রাতে ঘোষণা হবে পাম দ’র (স্বর্ণ পাম) বিজয়ীর নাম। বর্ষীয়ান মাইকেল হানেকে (হ্যাপি এন্ড) নাকি তরুণ আন্দ্রেই জ্‌ভিয়াগিনৎসেভ (লাভলেস), সোফিয়া কপোলা (দ্য বিগাইল্ড) নাকি ইয়োর্গোস লেনথিমোস (দ্য কিলিং অব আ সেকরেড ডিয়ার)? কোনটি হবে প্রতিযোগিতা বিভাগের সেরা ছবি? অথবা একদমই ভাবনার বাইরে কোনো নাম? কে হবেন সেরা নির্মাতা? কার হাতে যাবে স্বর্ণ পাম? কার কাছে গ্রাঁ প্রি? গতকাল এসব জল্পনা যখন কানজুড়ে, তখনই রোমান পোলানস্কির আগমন। আর এসেই তিনি যেন নিজের দিকে ঘুরিয়ে নিলেন সব মনোযোগ।

কিংবদন্তি পোলিশ-ফরাসি নির্মাতা রোমান পোলানস্কি। দ্য পিয়ানিস্ট ও রোজমেরি’স বেবির মতো ছবি তাঁর নাম এরই মধ্যে উজ্জ্বল করে রেখেছে সিনেমা ইতিহাসের পাতায়। যুক্তরাষ্ট্র থেকে এক অর্থে ফেরার তিনি। ‘নাবালিকা ধর্ষণ’ মামলার খাঁড়া ঝুলছে মাথার ওপর।

সংবাদ সম্মেলনে ইউরোপের এক সাংবাদিক ভাঙাচোরা ইংরেজিতে একটা প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা পছন্দ হয়নি পোলানস্কির। ‘এমন বোকার মতো প্রশ্ন তুমি কীভাবে করলে?’ রীতিমতো খেপে গেলেন তিনি।

আরেকজন পোলানস্কির ছবির সংগীতবিষয়ক আরেকটা প্রশ্ন করেছিলেন। প্রশ্ন শেষে যথারীতি মাইক নিয়ে নেওয়া হয় তাঁর হাত থেকে। কিন্তু ওই প্রসঙ্গটা পোলানস্কির পছন্দ ছিল। উত্তর দেওয়ার মাঝপথে খেই হারিয়ে ভর্ৎসনা করে উঠলেন মাইক্রোফোন সরবরাহকারী মেয়েটিকে—‘এই, তুমি ওর মাইক নিয়ে গেলে কেন? ওর কথা তো শেষ হয়নি।’ বেচারি পোলানস্কির ‘হালকা ঝাড়ি’ খেয়ে মাইক ফিরিয়ে দিলেন।

দাপট আর মেজাজ কাকে বলে!

পোলানস্কিকে করব বলে একটা অন্য রকম প্রশ্ন ঠিক করেছি। কিন্তু যা মেজাজ দেখছি! কী আছে কপালে কে জানে। সুবিধা বলতে এই, একটু আগে কান উৎসবে তাঁর এবারের ছবি বেজড অন আ ট্রু স্টোরি দেখে এসেছি।

‘পুরো ছবিতে তিন–তিনটা যন্ত্র ভেঙেছে আপনার চরিত্ররা। একটা ল্যাপটপ, একটা মোবাইল ফোন ও একটা জুস মেকার। আমাদের ব্যবহার্য যন্ত্রপাতি নিয়ে আপনার ভাবনা কী? আপনি কি ফেসবুক ব্যবহার করেন?’

হেসে ফেললেন পোলানস্কি এবং পাশে বসা অভিনেত্রী এভা গ্রিনও। কিন্তু মেজাজ প্রায় আগের মতোই চড়া রোমান পোলানস্কির। ‘একসঙ্গে এত প্রশ্ন কেন?’ জবাবের শুরুতেই আপত্তি ৮৩ বছর বয়সী চলচ্চিত্র কিংবদন্তির। কিন্তু আমার প্রশ্নটা এড়িয়ে গেলেন না তিনি।

‌‘প্রথম কথা হচ্ছে আমি ফেসবুক মোটেও ব্যবহার করি না।’

গতকাল বেজড অন আ ট্রু স্টোরি ছবির সংবাদ সম্মেলনে নির্মাতা রোমান পোলানস্কি  l  ছবি: এএফপি
গতকাল বেজড অন আ ট্রু স্টোরি ছবির সংবাদ সম্মেলনে নির্মাতা রোমান পোলানস্কি l ছবি: এএফপি

বাকি প্রশ্নের উত্তর দিলেন মোটামুটি সময় নিয়ে। সারমর্ম এ রকম, ‘আমি তো মনে করি এখন সবকিছু একটা যন্ত্রের মধ্যে ঢুকে গেছে। এই যে দেখো এটা (পকেট থেকে নিজের মুঠোফোন বের করে দেখালেন)। এটার মধ্যেই সবকিছু...’

গতকাল ২৭ মের সংবাদ সম্মেলনে তাঁকে করা হয়েছে সিনেমা হল বনাম নেটফ্লিক্স-বিষয়ক আলোচিত প্রশ্নটিও। পোলানস্কির জবাবের সারকথা, নেটফ্লিক্সকে মোটেও সিনেমার জন্য ঝুঁকি মনে করেন না তিনি। তাঁর মন্তব্য, ‘যখন প্রথমবার ওয়াকম্যান বা গান শোনার ছোট যন্ত্র এল, লোকে বলেছিল মানুষ আর কনসার্টে যাবে না। সে রকম কিছু কিন্তু শেষ অবধি ঘটেনি। সিনেমার বেলাতেও তা-ই হবে।’

বয়স আর যা-ই হোক, আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারেনি একরত্তি। লোক দেখানো ভদ্রতার ধার ধারেন না। প্রথম দেখায় অন্তত আমার কাছে এই হচ্ছেন রোমান পোলানস্কি। একই সঙ্গে মেজাজি, দাপুটে এবং রসিক।

এক জোড়া গাঙচিল উড়ে গেল মাথার ওপর দিয়ে। বাইরে কানের আকাশে ঝলমল করছে রোদ। প্যালে দো ফেস্টিভ্যালের দোতলায় বিশাল প্রেস অফিস। এই কয় দিনে অস্থির ছোটাছুটির পর বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা সাংবাদিকেরাও খানিক ক্লান্ত। আজই জানা যাবে স্বর্ণ পাম, গ্রাঁ প্রি বিজয়ীদের নাম। তারপরই শেষ হয়ে যাবে উৎসব।

এই প্রতিবেদন লেখার সময় তোড়জোড় চলছিল ফিপরেসকি পুরস্কার ঘোষণার। ২০০২ সালে বাংলাদেশের তারেক মাসুদ সম্মানজনক এই পুরস্কার জিতেছিলেন মাটির ময়নার জন্য।