স্মরণে পল ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল ওয়াকার
পল ওয়াকার

দেখতে দেখতে তিন বছর হয়ে গেল। কম সময় না। ২০১৩ সালের ৩০ নভেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান হলিউড অভিনেতা পল ওয়াকার। এখনো কেউ ভুলতে পারেন না তাঁর হাসিমাখা মুখ আর নীলমণি চোখ। শুধু সুদর্শন বলেই নয়, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির সিরিজগুলোতে একজন দক্ষ অভিনয়শিল্পীর পরিচয়ও দিয়েছিলেন তিনি। এ কথা ভক্তরাই ভালো জানেন। সহকর্মী আর বন্ধুরা প্রতিবছর এই দিনে তাঁকে স্মরণ করে প্রকাশ করে তাঁর প্রতি অকৃত্রিম ভালোবাসা। এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানিয়েছেন তাঁর প্রতি শ্রদ্ধা।

কাছের বন্ধু ও সহকর্মী ভিন ডিজেল ইনস্টাগ্রামে একটি মর্মস্পর্শী ছবি শেয়ার করে লিখেছেন ‘সি ইউ অ্যাগেইন’। অর্থাৎ ‘আবার দেখা হবে’। এমনকি ডিজেল তাঁর ফেসবুকের কভার ছবি পরিবর্তন করেছেন। সেই ছবিতে একপাশে পল আর অন্য পাশে ডিজেল তাঁর জন্য প্রার্থনারত। গেল বছর ডিজেল ঘোষণা দেন তাঁর মেয়ের নাম রেখেছেন পলিন, প্রয়াত প্রিয় বন্ধুর স্মরণে, যেন সারা জীবন পলকে মনে রাখতে পারেন। 

আরেক সহকর্মী ও বন্ধু টাইরিস গিবসন তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে পল ও তাঁর দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্বের স্মৃতিগুলো ধারণ করা আছে। গিবসন লিখেছেন, পল সবাইকে সর্বোচ্চ সম্মান দিত। আর প্রত্যেককে অনুভব করিয়ে দিত যে সবাই তাঁর জন্য গুরুত্বপূর্ণ। ওয়াকার পরিবারের জন্য প্রার্থনা করতে তিনি ভক্তদের অনুরোধ জানান।
সহকর্মী জর্ডানা ব্রিউস্টারও পল আর তাঁর একটি ছবি প্রকাশ করেছেন টুইটারে। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আমি তোমাকে মনে করি আর প্রতিটা দিন ভালোবাসি।’ ইয়াহু