স্মার্ফসদের 'লস্ট ভিলেজ'-এ জুলিয়া রবার্টস

নীলরঙা ছোট অদ্ভুত প্রাণীগুলোর কথা ভোলার নয়। অসম্ভব দুষ্টুমি করেও সমস্যার সমাধান একসময় ঠিক বের করে নেয় তারা। একটি কমিকের ওপর ভিত্তি করে তাঁদের নিয়ে হলিউডে নির্মাণ করা হয় ‘দ্য স্মার্ফস’ ছবিটি। অনেক আলোচনা–সমালোচনা পেরিয়ে আবার ‘স্মার্ফস ২’ও মুক্তি পায়। সেটা খুব একটা সফলতার মুখ দেখেনি। তৃতীয় ছবির নির্মাণ বন্ধ হয়ে গিয়েছিল। এবার স্মার্ফস দল পুরোদমে কাজে নেমেছে। আসছে তাঁদের তৃতীয় ছবি ‘দ্য স্মার্ফস : দ্য লস্ট ভিলেজ’। সেই দলে যোগ দিলেন অস্কারজয়ী ‘প্রিটি ওম্যান’ জুলিয়া রবার্টস। স্মার্ফস উইলো নামে একটি চরিত্রে কণ্ঠ দেবেন তিনি।
জুলিয়া বলেন, ‘অ্যানিমেশন সংস্কৃতিতে স্মার্ফসরা খুব মজার চরিত্র। আমি যখন ছোট ছিলাম, তখন তাঁরা জনপ্রিয় ছিল; আমার বাচ্চারা যখন ছোট ছিল, তখনো স্মার্ফস জনপ্রিয়। মিষ্টি একটা দল বাচ্চাদের বিনোদন দিতে থাকে; সেই দলের অংশ হতে খুব ভালো লাগে।’
জুলিয়া ছাড়াও ছবিতে কাজ করেছেন ডেমি লোভাটো, ম্যান্ডি প্যাটিনকিন ও রেইন উইলসনের মতো তারকারা। এ বছর এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস