হড়বড় গড়বড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাল আলামুদ্দিন ও জর্জ ক্লুনি
আমাল আলামুদ্দিন ও জর্জ ক্লুনি

প্রতিটি প্রেমই প্রথম প্রেম। দ্বিতীয়, তৃতীয় বলে কিছু নেই। হলিউডি কেতায় প্রতিটি বিয়েও প্রথম বিয়ে বৈকি। অন্তত পাণিপ্রার্থনার সময় প্রতিবারই প্রথমের আনকোরা রোমাঞ্চ হয়। আর তাই তো এ বাবদে অভিজ্ঞতার ঝুলিটা ওজনদার হলেও হড়বড় করে প্রপোজ করতে গিয়ে জর্জ ক্লুনি নাকি গড়বড় করে ফেলেছিলেন।
ক্লুনি সম্প্রতি এসেছিলেন এলেন ডিজেনেরাসের অনুষ্ঠানে। সেখানেই আমাল আলামুদ্দিনকে কীভাবে প্রপোজ করেছেন, জানান সেই গল্প। স্বীকার করলেন, টেনশনে ছুটে গিয়েছিল ঘাম। অভিজাত কোনো রেস্তোরাঁয় নয়; ক্লুনি সেদিন বাসাতেই ডেকেছিলেন খ্যাতনামা মানবাধিকার আইনজীবী প্রেয়সীকে। নিজ হাতে রেঁধেছেন, বেড়েছেন। ব্যাকগ্রাউন্ডে বেজেছে গান: ‘হোয়াই শুডন্ট আই’। এরপরই নাটকীয় কায়দায় আংটিটা বাড়িয়ে ধরেন। ঘটনার আকস্মিকতায় আমাল ঝাড়া ২৫ মিনিট মূর্তিবৎ স্থির হয়ে তাকিয়ে ছিলেন হিরের আংটির দিকে। ক্লুনি ভাবেননি, আমাল এতটা চমকে যাবেন।
গলা খাঁকারি দিয়ে ক্লুনি শেষে বলেছিলেন, ‘আশা করি তোমার উত্তর হ্যাঁ-ই হবে। তবে যা-ই হোক, হ্যাঁ-না কিছু তো একটা বলো। ৫২ বছর বয়স। এভাবে আংটি নিয়ে বেশিক্ষণ কুঁজো হয়ে কি থাকা যায়!’ আইএএনএস।