হতাশায় ভুগছিলেন আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহেরশালা আলী
মাহেরশালা আলী

খুব একটা খ্যাতি এত দিন ছিল না তাঁর ভাগ্যে। কিন্তু ভাগ্য বদলে দিল একটা ছবি—‘মুনলাইট’। পেয়ে গেলেন অস্কারের শ্রেষ্ঠ সহ অভিনেতার পুরস্কার। তিনি মাহেরশালা আলী। আজ তিনি আত্মবিশ্বাসী। কিন্তু এই আলীই একসময় ডুবে গিয়েছিলেন গভীর হতাশায়। সেই কথা জানালেন হলিউড রিপোর্টার ম্যাগাজিনকে। 

আলীর তিন বছর বয়সে তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। স্বাভাবিকভাবেই খুব কষ্ট পেয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আমার ভেতর প্রচণ্ড দুঃখ, হতাশা কাজ করেছিল। সেটা সব সময় আমার সঙ্গী হয়ে রয়েছে।’ তবু মায়ের দুঃখটাকে সামাল দিতে নিজের মনকে শান্ত করেছিলেন শিশু আলী। বয়স যখন ৯/১০ বছর তখন তাঁর মা আবার বিয়ে করেন। সৎ বাবার সঙ্গে খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না তাঁর। সব বিষয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হতো তাঁর ওপর। আর এর ব্যাখ্যা তিনি কখনো পেতেন না।
তাঁরা খুব গরিব ছিলেন না, কিন্তু আর্থিক অনটন সংসারে লেগে থাকত প্রায় সময়। শৈশব খুব একটা মন্দ ছিল যে তা নয়। কিন্তু আলী হতাশ ছিলেন চারপাশের পরিবেশ দেখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশের নষ্ট হয়ে যেতে থাকা পরিবেশটা নিয়েও ভাবতেন তিনি। দেখেছেন এইডসে আক্রান্ত হয়ে ২৮-২৯ বছর বয়সেই বাবার বন্ধুদের মৃত্যু। দেখেছেন আত্মীয়-বন্ধুর খুন, জেল খাটা, মাদক ব্যবসা—এমন নানা অপরাধ। আরেক দিকে ছিল নিজের বাবাকে সব সময়ের জন্য কাছে পাওয়ার আকুল আকাঙ্ক্ষা। এ সবকিছুই তাঁকে ভাবাত। ইনসমনিয়ায় ভুগেছেন। সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছেন। আর তখনই প্রথম প্রেমে পড়েছেন শিল্পের। সারা রাত বসে কবিতা লিখতেন।
বাবা-মাকে অনেক ভালোবাসেন আলী। কিন্তু জানান, কোনো এক সময়ে দুজনের সঙ্গেই সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। মায়ের সঙ্গে তো কয়েক বছর কথা বলাই বন্ধ ছিল। এরপর অবশ্য সব ঠিকঠাক হয়ে গিয়েছে। বাবা বেঁচে নেই। মঞ্চে অভিনয় করতেন তিনি। আলীর গর্ব, বাবার মতো কিছু একটা করতে পারছেন অভিনয়ে এসে।
ব্যাপ্টিস্ট পরিবারের জন্ম হওয়া মাহেরশালা আলী ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন। আর তিনিই প্রথম মুসলিম অভিনেতা যিনি অস্কার পুরস্কারে সম্মানিত হলেন।
হলিউড রিপোর্টার, ওয়াশিংটন পোস্ট অবল​ম্বনে