মার্কিন অভিনেত্রী লরেন ব্যাকলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লরেন ব্যাকল
লরেন ব্যাকল

মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান অভিনেত্রী লরেন ব্যাকল মারা গেছেন। গতকাল মঙ্গলবার তিনি মারা যান।

পরিবারের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ব্যাকলের বয়স হয়েছিল ৮৯ বছর।

মঞ্চ ও চলচ্চিত্রে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী তাঁর নিউইয়র্কের বাড়িতে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত অসুস্থতার কারণে মারা যান।

১৯২৪ সালে নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন লরেন ব্যাকল। মাত্র ১৯ বছর বয়সে হলিউডে তাঁর অভিষেক ঘটেছিল। ব্যাকলের প্রথম ছবি ছিল ‘টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট’ (১৯৪৪)। এ ছবিতে তাঁর বিপরীতে ছিলেন হলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা হামফ্রে বোগার্ট। ব্যাকলের প্রথম ছবিটি তাঁর উপস্থিতির কারণেই সিনেমার স্বর্ণযুগের অসাধারণ এক স্মারক অভিষেক হয়ে আছে।

১৯৪৫ সালে লরেন ব্যাকল পর্দায় তাঁর প্রথম জুটি হামফ্রে বোগার্টকে বিয়ে করেন। হলিউডের ৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন ব্যাকল। হলিউডের সিনেমার স্বর্ণযুগে তাঁর অবস্থানের কারণে ২০০৯ সালে সম্মানসূচক অস্কার পেয়েছিলেন মার্কিন এই অভিনেত্রী। লরেন ব্যাকল তাঁর অসামান্য কণ্ঠস্বর ও সিনেমার পর্দায় আভিজাত্যের এক অনুকরণীয় শৈলীও তৈরি করেছিলেন।