হলিউডে এত যৌন হয়রানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হার্ভি ওয়াইনস্টিন
হার্ভি ওয়াইনস্টিন

হলিউডের তারকা ও নির্মাতারা ইদানীং কাজের চেয়ে অকাজের জন্যই বেশির ভাগ সময় পত্রিকার শিরোনাম হচ্ছেন। শুরুটা হয়েছে অস্কারজয়ী নির্মাতা হার্ভি ওয়াইনস্টিনকে দিয়ে। গত অক্টোবর মাসে হার্ভির যৌন কেলেঙ্কারির খবর প্রথম ফাঁস করে দ্য নিউ ইয়র্ক টাইমস ও দ্য নিউ ইয়র্কার পত্রিকা। হলিউডের অনেক জনপ্রিয় অভিনেত্রী থেকে শুরু করে উঠতি মডেলরা তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এরপর থেকেই মূলত সাহস করে এগিয়ে আসেন অন্য ভুক্তভোগীরা। তাঁরাও যৌন হয়রানির বিরুদ্ধে আওয়াজ তোলেন। এঁদের মধ্যে অনেকে হার্ভির দ্বারা নির্যাতিত হওয়ার বিস্তারিত বর্ণনা দেন।

হার্ভির যৌন কেলেঙ্কারি অধ্যায় শেষ না হতেই খুলে যায় হলিউডের আরও কয়েকজন তারকার যৌন কেলেঙ্কারির খবর। তাঁরা সবাই যাঁর যাঁর ক্ষেত্রে বিখ্যাত। অনেকের ঝুলিতে আছে অস্কার এবং বাফটার মতো পুরস্কারও। এখন পর্যন্ত কেভিন স্পেসি, ডাস্টিন হফম্যান, ব্রেট র‍্যাটনার, অ্যান্ডি ডিক, জেমস টোব্যাকের নামে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ এসেছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ হলিউডের একেক জন পুরুষের মুখোশ টেনে খুলছেন।

জেমস টোব্যাক
জেমস টোব্যাক

নিজের প্রতিষ্ঠানের কর্মী থেকে শুরু করে বিভিন্ন সময় হলিউডের অনেক প্রভাবশালী তারকাকে যৌন নির্যাতন করে এখন পুনর্বাসন কেন্দ্রে দিন কাটাচ্ছেন হার্ভি। প্রথমে নিজের ভুলের জন্য অনুতপ্ত হলেও এখন অবশ্য বোল পালটে ফেলেছেন এই প্রযোজক। বললেন, সম্মতি ছাড়া কোনো নারীর সঙ্গে তিনি কোনো দিন যৌন সম্পর্ক স্থাপন করেননি। এই বিতর্কের রেশ না কাটতেই অভিনেতা ডাস্টিন হফম্যানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে। ‘ক্রেমার ভার্সেস ক্রেমার’ ও ‘রেইন ম্যান’ ছবির তারকা ডাস্টিন ১৯৮৫ সালে ১৭ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করেছিলেন। অ্যানা গ্রাহাম হান্টার নামের সেই মেয়ে জানান, ১৯৮৫ সালে ‘ডেথ অব এ সেলসম্যান’ ছবির সেটে তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন এই তারকা। অ্যানা ছিলেন ওই ছবির এক নতুন প্রডাকশন কর্মী। তাঁকে দিয়ে ডাস্টিন পা মেসেজ করাতে চেয়েছিলেন। বড় তারকার এ নির্দেশ তখন কিশোরী অ্যান ফিরিয়ে দিতে পারেননি। সেই সুযোগে অ্যানের শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেন ডাস্টিন। ভয়ে ও লজ্জায় মেয়েটি সেদিন স্নানঘরে গিয়ে অনেক কেঁদেছিলেন। পরে প্রযোজককেও জানিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। নিজের ব্যবসার স্বার্থে অ্যানকে সেদিন প্রযোজক চুপ থাকার পরামর্শ দেন। ৩২ বছর পর হলেও অ্যান অস্কারজয়ী ডাস্টিন হফম্যানের আসল চেহারা সবার সামনে নিয়ে এলেন।

ডাস্টিন হফম্যান
ডাস্টিন হফম্যান

‘এক্স ম্যান’ সিরিজের পরিচালক ব্রিট র‍্যাটনারও নিপাট ভদ্রলোক নন। এখন পর্যন্ত ছয়জন নারী তাঁর বিরুদ্ধে জোর করে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ এনেছেন। এর মধ্যে আছেন ‘এক্স ম্যান’ তারকা অলিভিয়া মুন। এ ছাড়া আছেন নাতাশা হেনস্ট্রিজ, জেমি রে নিউম্যানসহ আরও তিন নারী। মার্কিন নায়িকা জেমি রে বলেন, ‘২০০৫ সালে একটি সিরিজের শুটিং করতে যাওয়ার সময় ফ্লাইটে আমার পাশের আসনে ছিলেন ব্রিট র‍্যাটনার। ওই সময় তিনি আমাকে বাজে প্রস্তাব দেন। যাত্রাপথে তিনি আমার কানের কাছে বলতে থাকেন কীভাবে সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করবেন। ব্যাপারটা আমার জন্য খুবই অপমানজনক ও অস্বস্তিকর ছিল।’ ব্রিটের বিরুদ্ধে যেই যৌন অভিযোগগুলো এসেছে, তাতে তাঁকে যৌন বিকারগ্রস্ত ছাড়া অন্য কোনো বিশেষণে বিশেষায়িত করা যায় না।

কেভিন স্পেসি
কেভিন স্পেসি

আর হলিউড তারকা কেভিন স্পেসি তো আরও এককাঠি সরেস! তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন একাধিক পুরুষ। ১৯৮৬ সালে ১৪ বছর বয়সী ‘স্টার ট্রেক: ডিসকভারি’ সিনেমার শিশুতারকা অ্যান্থনি র‍্যাপকে পার্টিতে ডেকে যৌন নির্যাতন করেছিলেন কেভিন স্পেসি। এ অভিযোগ ওঠার পর অবশ্য ক্ষমা চেয়েছেন কেভিন। এরপর আরও তিনজন পুরুষ এই তারকার নামে যৌন হেনস্তার অভিযোগ আনেন। কেভিনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছেন মার্কিন চলচ্চিত্র পরিচালক টনি মন্টানাও। তিনি বলেছেন, ২০০৩ সালে লস অ্যাঞ্জেলেসের একটি পানশালায় কেভিনের নির্যাতনের শিকার হন তিনি। আর এ কারণে প্রায় ছয় মাস পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) ভুগতে হয়েছে তাঁকে।

অ্যান্ডি ডিক
অ্যান্ডি ডিক

সম্প্রতি যৌন হয়রানি করার দায়ে বিখ্যাত কৌতুক অভিনেতা অ্যান্ডি ডিককে একটি ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। ছবির কয়েকজন কলাকুশলীকে তিনি শরীরের আপত্তিকর স্থানে স্পর্শ করেছেন বলে অভিযোগ এসেছে। এই মাসে ৭২ বছর বয়সী হলিউডের চলচ্চিত্র লেখক ও পরিচালক জেমস ট্যাবোকের নামে বিভিন্ন সময় যৌন হয়রানি করার অভিযোগ এনেছেন ৩৮ জন নারী। এর মধ্যে কয়েকজন অভিযুক্তা ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক ছিলেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন জেমস। বিবিসি, দ্য টেলিগ্রাফ, লস অ্যাঞ্জেলস টাইমস