
‘কয়েক দিন আগে আমি একজন অভিনেত্রীর বাড়িতে গিয়েছিলাম,’ খুব সাদামাটাভাবে বললেন আর্তুরো আজিনিয়ান।
এটা খুব বড় খবর নয়। যেকোনো অভিনেত্রী যে কাউকে যেকোনো কারণে তাঁর বাড়িতে ডেকে নিতে পারেন। কিন্তু একটু আগে যে বাক্যটি পড়লেন, সেটি যদি একজন মুচির কণ্ঠনিঃসৃত হয়, তাহলে তা নিয়ে একটু ভাবতে হয় বৈকি।
‘কী নাম সেই অভিনেত্রীর?’
৮৮ বছর বয়স্ক আর্তুরো হাসেন। বলেন, ‘আমি নিজের নামটাই খুব কষ্টে মনে রাখতে পারি। আর অভিনেত্রীর নাম!’
এবার আলোচনায় ঢুকে পড়েন আর্তুরোর নাতি আরি লিবারিদিয়ান, ‘ভদ্রমহিলার নাম জেনিফার অ্যানিস্টন।’
‘জেনিফার অ্যানিস্টন?’
‘হ্যাঁ, হ্যাঁ, সে–ই বটে!’ আবার হাসেন আর্তুরো।
ঠিকই ধরেছেন, আমরা হলিউডি গল্পে ঢুকে পড়েছি। বেভারলি হিলসের সেই রূপকথার রাজ্যেরই একটি চরিত্র এই আর্তুরো। ৭৭ বছর ধরে তিনি করছেন জুতা সেলাইয়ের কাজ। এখানেই তাঁর জুতা সারাইয়ের কারখানা।
চুপি চুপি আপনাদের জানিয়ে রাখি, হলিউডি তারকারা যদি কখনো জুতা নিয়ে সমস্যায় পড়েন, তাহলে নিঃসন্দেহে তাঁরা প্রথমেই খোঁজ লাগান আর্তুরোর। কারণ, তাঁরা জানেন, জুতা সে যত দামিই হোক, আর্তুরোর হাতে পড়লে সঙ্গে সঙ্গে তিনি জুতার নাড়িনক্ষত্র বুঝে ফেলবেন এবং এমনভাবে তা সেলাই করে দেবেন বা লাগিয়ে দেবেন রাবারের সোল, যেন পায়ে আর কোনো কষ্ট না হয়।
আর্তুরোর কদর বোঝানোর জন্য একটি ঘটনা বলি। ইতালির সেরা ফ্যাশন ডিজাইনার দোনাতেল্লা ভেরসা তাঁর একগাদা স্যান্ডেল নিয়ে এলেন আর্তুরোর কাছে, সারাইয়ের জন্য। সারাই হয়ে গেলে তিনি পাঠিয়ে দিলেন তাঁর লিমুজিন গাড়ি, আর্তুরো যেন দোনাতেল্লার হোটেলে গিয়ে একটু খোশগপ্পো করে আসতে পারেন, সে জন্য।
মোটেই অবাক হবেন না, আর্তুরোর জুতা সারাইয়ের দোকানে যদি আপনি অরল্যান্ডো ব্লুম অথবা জুডি ফস্টারকে আবিষ্কার করে ফেলেন। কিংবা নিকোল কিডম্যান যদি তাঁর হাজার ডলার দামি জুতাটা আর্তুরোর দিকে এগিয়ে দিয়ে বলেন, ‘প্লিজ, ঠিক করে দিন’, তাহলেও অবাক হওয়ার কিছু নেই। আর্তুরো আসলে জুতা সারাইয়ের এক জাদুকর। একনামে তাঁকে চেনে হলিউড। এই বয়সেও দৈনিক ১৩ ঘণ্টা কাজ করেন ভদ্রলোক।
নিজের ইচ্ছায় মুচি হননি আর্তুরো। নিজ দেশ আর্জেন্টিনায় থাকাকালীন ১১ বছর বয়সী গরিব ছেলেটিকে এক মুচির হাতে সঁপে দিয়েছিলেন গরিব বাবা। বুয়েনস এইরেসেই মুচিগিরির শুরু। তারপর একসময় বেভারলি হিলসে এসে থিতু হলেন। তারপর তো এখন আর্তুরো হলিউডের ইতিহাসেরই অংশ।
মেরি মিলিকেনের ফিচার অবলম্বনে