হাই হিল বিতর্কে ক্ষমাপ্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানের রেড কার্পেটে বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন l ছবি: এএফপি
কানের রেড কার্পেটে বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন l ছবি: এএফপি

শেষ পর্যন্ত ক্ষমাই চাইতে হলো উৎসব-কর্তা তিয়েরি ফ্রেমোকে। সামান্য এক জোড়া উঁচু হিল যে কান উৎসবের পরিচালকের জন্য এমন বিড়ম্বনা বয়ে আনবে, তা কে জানত!
প্রায় ঘনিয়ে এসেছে চূড়ান্ত ফয়সালার সময়। কার হাতে যাচ্ছে স্বর্ণপাম, কারা পাচ্ছেন ক্যামেরা দ-এর বা গ্রাঁ প্রির মতো প্রথম সারির পুরস্কার—এ নিয়ে এখন বিতর্কে সরব দক্ষিণ ফরাসি সমুদ্র উপকূল। কিন্তু এ সবকিছুকে ছাপিয়ে কান উৎসবের আসল খবর এখন হাই হিল। সোজা বাংলায় উঁচু হিলের জুতা।
উঁচু হিল নিয়ে বিতর্কটা শুরু হয়েছিল আদতে দিন কয়েক আগে। মাঝবয়সী কয়েকজন নারীকে উৎসবের লালগালিচা থেকে ফিরিয়ে দিয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। অভিযোগ কী? তারা উঁচু হিল পরে উৎসবে আসেননি। কিন্তু উৎসব-কর্তাদের জন্য এবার বিপদই বলতে হবে। ঘটনাটা ঘটেছে ঠিক ক্যারল ছবির উদ্বোধনী প্রদর্শনীর দিনেই। নারীবাদী এ ছবির উদ্বোধনী প্রদর্শনীতেই কিনা এমন অভব্যতা। সঙ্গে সঙ্গে লেগে গেল হুলুস্থুল।
পত্রপাঠ শুরু হয়ে গেছে সামাজিক মাধ্যমগুলোতে তোলপাড়। পত্রপত্রিকায় বিস্তর লেখালেখি। অনেকে তুলাধোনা করতে ছাড়েননি কান উৎসবের পরিচালক তিয়েরি ফ্রেমোকে। কঠিন প্রশ্নের মুখে পড়ে গেছে কান উৎসবের ঐতিহ্যবাহী পোশাকবিধি বা ড্রেসকোড।
ইংরেজ অভিনেত্রী এমিলি ব্লান্ট তো বলেই বসেছেন, ‘আমার মনে হয় সবারই ফ্ল্যাট জুতা পায়ে দেওয়া উচিত। উঁচু হিল জিনিসটা আমাদের কােরারই পরা উচিত নয়। ব্যক্তিগতভাবে আমি স্নিকার বেশি পছন্দ করি।’
স্বাভাবিকভাবেই এমিলির সঙ্গে সহমত বহু মানুষ। ‘ফ্ল্যাটগেট’ শিরোনামে এখন অনলাইনে জমে উঠেছে এ বিতর্ক। এরই জের ধরে শেষে ক্ষমা চাইতে বাধ্য হলেন তিয়েরি ফ্রেমো।
‘আমার মনে হয়, কেবল একজন নিরাপত্তারক্ষীর অতি উৎসাহের কারণেই ব্যাপারটা ঘটেছে।’ দুঃখ প্রকাশ করে বলেছেন কানের এই বড়কর্তা। একই সঙ্গে নিজের পক্ষে সাফাইও গেয়েছেন, ‘কান উৎসব সব সময় মেয়েদের আলাদা মর্যাদা দিয়ে দেখে। বিশেষ করে এবার উৎসব শুরু হয়েছে একজন নারী নির্মাতার ছবি দিয়ে।’ কিন্তু ফ্রেমোর এই দাবিতে খুব চিড়ে ভিজছে বলে মনে হয় না।
নিজেদের সুদীর্ঘ ঐতিহ্য ধরে রাখতে গিয়ে ভালো বিপাকেই পড়েছেন কান উৎসবের পরিচালক তিয়েরি। সেলফি নিষিদ্ধ করা নিয়ে হইচই ফুরোতে না-ফুরোতেই আবারও অভিযোগ। এবার বিতর্ক আগাগোড়া যেন পিছুই ছাড়ল না বিশ্ব সিনেমার এই মহামিলনমেলার অন্যতম কান্ডারির।
ভালোবাসার পর্বতমালা
বেশ মোটাসোটা হাসিখুশি একজন মানুষ। চেহারা, বয়স—কোনোটাই এখন আর নায়কসুলভ নয়। কিন্তু অভিনয় আর প্রতিভার সুবাদে জেরার দেপারদিউ ফ্রান্সের অন্যতম খ্যাতিমান অভিনেতা। ডিভিডি যখন সহজলভ্য হয়নি, চলচ্চিত্রপ্রেমীরা তখন ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেছেন তাঁর ছবি দেখার আশায়। সেই জেরার দেপারদিউ কান উৎসবে এলেন গতকাল। সঙ্গে আরেক নামী ফরাসি অভিনেত্রী পিয়ানো টিচার, আমুর ছবির জন্য পরিচিত ইসাবেল হুপার্ট। তাঁদের ছবি ভ্যালি অব লাভ আছে এবারের প্রতিযোগিতা বিভাগে।
প্রচণ্ড দাবদাহের মধ্যে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে ঘুরছেন দুজন মানুষ। তাঁদের তাড়া করছে সন্তান হারানোর শোক। ভ্যালি অব ডেথ পারিবারিক বিয়োগাত্মক কাহিনি নিয়ে তৈরি ছবি। কাল ছিল প্রতিযোগিতা বিভাগের আরেক ছবি টিম রথ অভিনীত ক্রনিক ছবিরও উদ্বোধনী প্রদর্শনী। প্রদর্শিত অন্যান্য ছবির মধ্যে ছিল আলিয়ঁস মারিয়া, দ্য লিটল প্রিন্স ও মাসান।
পুরস্কারের দিন
বাজতে শুরু করেছে ৬৮তম কাল চলচ্চিত্র উৎসবের বিদায়ঘণ্টা। দিন দুয়েকের মাঝেই জানা হয়ে যাবে পুরস্কার বিজয়ীদের নামও। কাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল সিনেফাউন্ডেশন বিভাগের পুরস্কার ঘোষণার তোড়জোড়। সারা বিশ্বের চলচ্চিত্রবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়াদের কাজ থাকে এ বিভাগের প্রতিযোগিতায়।
আজ বাংলাদেশ সময় রাত ১০টার দিকে ঘোষণা করা হবে ফিপরেসকি (দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস) পুরস্কার। এবারে জুরি প্রেসিডেন্ট হিসেবে আছেন ব্রাজিলের মারিও আব্বাদে নেতো। সঙ্গে আছেন ভারত, ফ্রান্স ও ডেনমার্কের চিত্রসমালোচকেরা।
একই সময়ে ঘোষণা করা হবে ইকুইমেনিকাল জুরি পুরস্কারও। প্রতিযোগিতা বিভাগের একটি ছবিকে দেওয়া হবে এই পুরস্কার। আর আগামীকাল হয়ে যাবে উৎসবের সবচেয়ে সম্মানজনক পাম দ কে পাচ্ছেন, তার ফয়সালাও।