হাঙর-ঘাতিনী?

দ্য শ্যালোস—ব্লেক লাইভলির নতুন এই ছবি নাকি হাঙরদের অস্তিত্বকে গভীর সংকটে ফেলে দিতে যাচ্ছে। এমন অভিযোগ তুলেছেন হাঙর সংক্ষরণবাদী ও পরিবেশকর্মীরা। মুক্তির অপেক্ষায় থাকা এই হরর-থ্রিলার ধাঁচের ছবিতে লাইভলি এক সার্ফারের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে দেখা যাবে, সেই সার্ফারকে একটি বিরাটকায় হাঙর আক্রমণ করেছে। প্রাণ বাঁচাতে সেই সার্ফার লড়ছেন।
কিন্তু এই ছবির বিরুদ্ধে ভ্যালেরি ফায়ে নামের এক পরিবেশকর্মী অনলাইন পিটিশন দায়ের করেছেন। সেই আবেদনে ফায়ে বলেছেন, এই ছবি দর্শকদের ভুল বার্তা দেবে। এমনিতেই অস্তিত্বের সংকটে থাকা সামুদ্রিক প্রাণীরা আরও বিপন্ন হবে। সেই আবেদনকারী বলেছেন, ‘বাস্তবতা হলো, আমাদের জন্য হাঙর যতটা না, তার চেয়ে বেশি আমরাই হাঙরদের জন্য হুমকির কারণ। ব্লেক লাইভলি হাঙরদের সাহায্য করার বদলে তাদের নিধন করে একটি ভুল বার্তা পৌঁছে দিচ্ছেন। অথচ ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্যমতে, একটি হাঙর যত মানুষ মারে, সেই তুলনায় মানুষ আরও বেশি হাঙর মেরে ফেলে।’ সিএনএন।