হামলার শিকার হলেন কিম কার্দাশিয়ান

সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে ব্যালমেইনস শোতে অংশ নিতে গিয়ে চরম ভীতিকর এক পরিস্থিতির মুখে পড়েন মার্কিন টিভি ব্যক্তিত্ব, মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ান। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাঁর ওপর চড়াও হন ইউক্রেনের একজন সাবেক সাংবাদিক ভাইটালি সিডিউক।
স্বামী কেনি ওয়েস্ট ও মা ক্রিস জেনারের সঙ্গে অনুষ্ঠানস্থলে পৌঁছান কিম। গাড়ির বাম দিকের দরজা দিয়ে নেমে সামনের দিকে এগিয়ে যান কেনি। আর বাম দিকের দরজা খুলে গাড়ি থেকে নামেন কিম। গাড়ির দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে ভাইটালি কিমের দিকে এগিয়ে গিয়ে চুল ধরে টান দেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। অবশ্য নিরাপত্তাকর্মীরা দ্রুত কিমকে উদ্ধারে এগিয়ে আসেন এবং ভাইটালিকে কিমের কাছ থেকে দূরে সরিয়ে নেন। এই ঘটনায় প্রচণ্ড ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন ৩৩ বছর বয়সী কিম। এক খবরে এ তথ্য জানিয়েছে ইঅনলাইন।
এদিকে এই ঘটনার পর এক বিবৃতিতে ভাইটালি দাবি করেন, ‘আমি আশা করছি, কিম ঠিক আছেন এবং আমার দিকে তেড়ে আসবেন না। কারণ তাঁর কোনো রকম ক্ষতি করার ইচ্ছে আমার ছিল না। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আমার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর প্রতিবাদে আমি এই কাণ্ড ঘটিয়েছি। কিমের সঙ্গে মজা করেছি আমি। কেনি ওয়েস্ট একজন ভাগ্যবান ব্যক্তি। আর কিম একজন দেবী।’
এ ছাড়া ভাইটালির কাছের একটি সূত্র দাবি করেছে, ভাইটালি কিমের চুল ধরে টান দেওয়ার তথ্যটি সত্য নয়। তিনি কিমকে আলিঙ্গন করতে গেলে হট্টগোল বেধে যায়। নিরাপত্তাকর্মীরা তাঁকে টেনেহিঁচড়ে মাটিতে শুইয়ে ফেলেন। সম্ভবত প্রচণ্ড ভিড় ও ধাক্কাধাক্কির কারণে কিম তাঁর ভারসাম্য হারিয়ে ফেলেন। কিমের ক্ষতি করার কোনো উদ্দেশ্য ছিল না ভাইটালির।
ইউক্রেনের ওয়ান প্লাস ওয়ান টিভি চ্যানেলের সাংবাদিক ছিলেন ভাইটালি সিডিউক। গত ২৮ মে লস অ্যাঞ্জেলেসে মেলফিসেন্ট ছবির উদ্বোধনী প্রদর্শনীতে হলিউডের অভিনেতা ব্র্যাড পিটের ওপর চড়াও হন তিনি। এর রেশ ধরে গত জুন মাসে তাঁকে চাকরিচ্যুত করে ওয়ান প্লাস ওয়ান টিভি চ্যানেল কর্তৃপক্ষ। গত জানুয়ারি মাসে অভিনেতা ব্র্যাডলি কুপারের কোমর জড়িয়ে ধরে আলোচিত হয়েছিলেন ভাইটালি। এ ছাড়া আরও অনেক তারকার সঙ্গে উল্টাপাল্টা কীর্তি ঘটানোর অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।