হার্ভি ওয়াইনস্টিন আমারও দানব

হলিউড অভিনেত্রী সালমা হায়েক মুখ খুলেছেন মিরাম্যাক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা হার্ভি ওয়াইনস্টিনের ব্যাপারে। একের পর এক যৌন কেলেঙ্কারির অভিযোগ আসছে তাঁর বিরুদ্ধে। সালমা হায়েকের লেখাটি ১২ ডিসেম্বর ছাপা হয় নিউইয়র্ক টাইমস-এ। পাঠকদের জন্য সংক্ষিপ্ত আকারে তা ছাপা হলো
হার্ভি ওয়াইনস্টিন ছিলেন একজন চলচ্চিত্রপ্রেমী। ঝুঁকি নিতে পারতেন তিনি, ছিলেন চলচ্চিত্রে প্রতিভার পৃষ্ঠপোষক। একজন স্নেহশীল বাবা ছিলেন, আর ছিলেন একজন দানব।
বছরের পর বছর তিনি আমার দানব ছিলেন।
এই শরতে আমার বন্ধু অ্যাশলে জুডসহ নানা সূত্রের মাধ্যমে সাংবাদিকেরা আমার জীবনের এমন একটি অধ্যায়ের বিষয়ে মুখ খুলতে বলেছেন, যা বেদনাদায়ক হলেও আমাকে মানিয়ে নিতে হয়েছে।

আমি আমার কণ্ঠকে ততটা গুরুত্ব দিইনি। বাস্তবতা হলো, আমি প্রিয়জনদের কাছে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করার চ্যালেঞ্জ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম। যখন বহু নারী এগিয়ে এসে বললেন, হার্ভি তাঁদের সঙ্গে কী করেছেন, আমাকে তখন নিজের কাপুরুষতা মোকাবিলা করতে হয়েছে। মেনে নিতে হয়েছে, আমার গল্পটা আমার কাছে গুরুত্বপূর্ণ হলেও তা আসলে দুঃখ আর বিভ্রান্তির মহাসাগরের একটি ফোঁটা মাত্র।
যাঁরা মুখ খোলার সাহস করেছেন, তাঁরাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। বিশেষ করে তাঁরা এমন এক সমাজে মুখ খুলেছেন, যেখানে একজন নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ তুলেছেন এবং আমরা সবাই যাঁকে বলতে শুনেছি, ক্ষমতায় থাকা একজন পুরুষ নারীর সঙ্গে যা খুশি করতে পারেন।

ওই ১৪ বছরে আমি স্কুলপড়ুয়া কিশোরী থেকে মেক্সিকান নাট্য তারকা হয়েছি। তারপর আমেরিকান কয়েকটি চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে অবস্থানের স্খলন ঘটেছে। এরপর ডেসপেরাডো আর ফুলস রাশ ইন ছবিতে অভিনয়ের সুযোগ এসেছে। এ সময় হার্ভি ওয়াইনস্টিন নতুন ধারার জাদুকরের ভূমিকায় আবির্ভূত হলেন। ওই সময় মেক্সিকোর একজন অভিনেত্রীর জন্য হলিউডে জায়গা করে নেওয়াটা ছিল কল্পনারও অতীত। এটা মিথ্যা প্রমাণ করা সত্ত্বেও আমি ‘কেউ ছিলাম না’।
আমার পথচলায় সাহস জুগিয়েছে ফ্রিদা কাহলোর গল্প। মেক্সিকোর ম্যুরাল শিল্পের স্বর্ণযুগে তিনি খুব অল্পই ছবি এঁকেছেন, কিন্তু সবাই সেগুলোই দেখত। সংশয়কে উপেক্ষা করে নিজেকে প্রকাশের সাহস দেখিয়েছেন তিনি। আমার সবচেয়ে বড় লক্ষ্য ছিল তাঁর গল্প বলা।
ওয়াইনস্টিন সাম্রাজ্য, তখন যা ছিল মিরাম্যাক্স, গুণগত মান, আধুনিকতা আর ঝুঁকি গ্রহণের সমার্থক হয়ে উঠেছিল। পরিচালক রবার্ট রদ্রিগেজ আর প্রযোজক এলিজাবেথ আভেলানের মাধ্যমে হার্ভি সম্পর্কে খুব অল্পই জানতে পেরেছিলাম আমি। শুধু জানতাম, হার্ভি একজন বিশ্বস্ত বন্ধু, পরিবারের সদস্যের মতোই একজন। এখন আমি যা জানি, তা জানার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এই দুটি মানুষ এবং কুয়েন্তিন তারানতিনো আর জর্জ ক্লুনির সঙ্গে আমার বন্ধুত্ব না থাকলে ধর্ষণের হাত থেকে আমি কীভাবে বাঁচতাম!
চুক্তিটা প্রাথমিকভাবে হয়েছিল, আমি যে কাজটা করছি, তার স্বত্বের বিনিময়ে হার্ভি অর্থায়ন করবেন। অভিনেত্রী হিসেবে স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের চেয়ে ১০ শতাংশ বেশি পারিশ্রমিক ঠিক হয়েছিল আমার। আর প্রযোজক হিসেবে কোনো অর্থ না দিয়ে আমাকে সম্মানিত করা হবে বলে ঠিক হলো। আমি অর্থের বিষয়টি নিয়ে মাথা ঘামাইনি; হার্ভি আর ওই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েই আমি উদ্বেলিত ছিলাম। অনভিজ্ঞের মতো আমি ভেবেছিলাম, আমার স্বপ্ন সত্যি হতে চলেছে।
বহুবার তাঁকে আমার ‘না’ বলতে হয়েছে।
তাঁর সঙ্গে গোসল করায় না।
আমাকে গোসল করতে দেখার আবদারে না।
আমার অঙ্গমর্দনে না।
তাঁর নগ্ন কোনো বন্ধুকে দিয়ে আমার অঙ্গমর্দনের আবদারে না।
মুখমেহনে না।
অন্য নারীর সঙ্গে নগ্ন হওয়ার আবদারে না।
না, না, না, না, না...
এবং প্রতিটা প্রত্যাখ্যানের পর হার্ভির কাণ্ডজ্ঞানহীন ক্রোধের প্রকাশ ঘটত।
হার্ভি ‘না’ শুনতে খুবই অপছন্দ করতেন। একটা পর্যায়ে মিষ্টি কথার পরিবর্তে তাঁর ক্রোধের প্রকাশ ঘটল। তিনি আমাকে তীব্রভাবে আক্রমণ করলেন। বললেন, ‘আমি তোমাকে হত্যা করব। ভেবো না যে আমি পারব না।’
শেষ পর্যন্ত বুঝতে পারলেন, তিনি যেভাবে প্রত্যাশা করেন ঠিক সে অনুযায়ী চললে আমি ছবিটি তৈরি করব না। তাঁর চোখে আমি শিল্পী ছিলাম না। এমনকি আমি কোনো ব্যক্তিত্বও ছিলাম না। আমি ছিলাম কেবল একটি বস্তু: একটা শরীর। ওই সময় থেকে আমি আইনজীবী রাখতে শুরু করলাম। তাঁর প্রতিষ্ঠান থেকে কাজটা নিয়ে আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম।
হার্ভি দাবি করলেন, অভিনেত্রী হিসেবে আমার নাম ততটা বড় নয়, আর প্রযোজক হিসেবেও আমি একটা অপদার্থ। আইনিভাবে নিজেকে পরিষ্কার রাখতে তিনি আমাকে স্বল্প সময়ের মধ্যে প্রায় অসম্ভব কাজের একটি তালিকা দিলেন: অতিরিক্ত পারিশ্রমিক ছাড়া পাণ্ডুলিপি আরেকবার লেখাতে হবে; ছবির অর্থায়নের জন্য ১ কোটি মার্কিন ডলার সংগ্রহ করতে হবে; প্রথম শ্রেণির একজন পরিচালক জোগাড় করতে হবে; চারটি ছোট চরিত্রের জন্য নামী তারকাদের রাজি করাতে হবে।
সবাইকে চমকে দিয়ে আমি কাজগুলো করতে পেরেছিলাম। ছবির নির্মাণকাজ শুরুর পর যৌন হয়রানি বন্ধ হলো। তবে তাঁর ক্রোধ বাড়তে শুরু করল। শুটিংয়ের প্রতিটা দিন তাঁর সঙ্গে দাঁড়ানোর জন্য আমাকে মূল্য দিতে হয়েছে।
শুটিংয়ের মাঝামাঝি পর্যায়ে হার্ভি সেটে এসে ভর্ৎসনা করলেন, আমি ছবিটাকে নিস্তেজ করে দিয়েছি। বললেন, অন্তরঙ্গ দৃশ্য ছাড়া এই ছবি চলবে না। কাজেই তিনি কাজ বন্ধ করে দেবেন।
এটা ছিল অস্তিত্ব ভেঙে পড়ার মতো, আমি স্বীকার করি। আমি চেয়েছিলাম তিনি আমাকে শিল্পী হিসেবে বিবেচনা করুন। আমি আশা করছিলাম, তিনি আমাকে প্রযোজক হিসেবে মেনে নিন। আমি কী না করেছি? মেক্সিকোর সরকারের সঙ্গে আলোচনা করেছি। ফ্রিদা কাহলোর বাড়ি, কাহলোর স্বামী ডিয়েগো রিভেরার ম্যুরালসহ যে বিষয়গুলো এর আগে কেউ ব্যবহার করার অনুমতি পাননি, তা ব্যবহারের ব্যবস্থা করেছিলাম। কিন্তু এসবের কোনো মূল্যই ছিল না।
ছবিটি চালিয়ে নিতে তিনি আমাকে একটাই বিকল্প দিলেন। অন্য একজন নারীর সঙ্গে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে। দৃশ্যটি ধারণের জন্য যেদিন আমি সেটে গেলাম, কর্মজীবনে প্রথমবারের মতো স্নায়বিক বৈকল্যের শিকার হলাম। আমার শরীর অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে শুরু করল, শ্বাসপ্রশ্বাস ক্ষীণ হয়ে এল, আমি কাঁদছিলাম। থামতে পারছিলাম না। মাদক নিতে হয়েছিল আমাকে। এতে কান্না থেমেছিল ঠিকই, তবে বমিভাব বেড়ে গিয়েছিল। পুরো ছবির দৃশ্য ধারণ শেষ হওয়ার পরও আমি মানসিকভাবে প্রচণ্ড বিক্ষিপ্ত ছিলাম।
কয়েক মাস পর, ২০০২ সালের অক্টোবরে ছবিটা হার্ভির জন্য বক্স অফিসে সাফল্য এনে দিল। অথচ তিনি এটা নির্মাণ করতে চাননি। এ ছবিটিই তাঁকে অস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীসহ ছয়টি মনোনয়ন এনে দিয়েছিল। ফ্রিদা তাঁর জন্য দুটি অস্কারও জয় করেছে।
কয়েক বছর পর এক অনুষ্ঠানে হার্ভির সঙ্গে আমার যখন দেখা হলো, তিনি আমাকে একপাশে নিয়ে গেলেন। বললেন, তিনি ধূমপান ছেড়ে দিয়েছেন, তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল। ভালোবেসে জর্জিনা চ্যাপম্যানকে বিয়ে করেছেন এবং এখন পুরোই বদলে গেছেন। অবশেষে তিনি আমাকে বললেন, ‘ফ্রিদায় তুমি ভালো করেছ। আমরা দারুণ একটা ছবি বানিয়েছিলাম।’
হার্ভি কখনোই জানতে পারবেন না, তাঁর ওই কথাগুলোর গুরুত্ব কতটা ছিল আমার কাছে। তিনি জানতেও পারবেন না কতটা আঘাত তিনি আমাকে করেছেন। আমি হেসেছিলাম। নিজেকে প্রবোধ দিয়েছিলাম, আমি লড়তে নেমেছিলাম এবং জিতেছি।
কিন্তু নারী শিল্পী হিসেবে আমাদের অনেকেরই কেন নিজের গল্পটা বলতে এতটা লড়াই করতে হচ্ছে? আমার মনে হয়, নারীদের সুকৌশলে অবমূল্যায়ন করা হয়েছে।
যতক্ষণ পর্যন্ত আমাদের শিল্পে সমতা প্রতিষ্ঠা হবে না, নারী ও পুরুষকে সমানভাবে মূল্যায়ন করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজ শিকারিদের উর্বর ক্ষেত্র রয়েই যাবে।
যাঁরা আমাদের অভিজ্ঞতার কথা শুনছেন, আমি তাঁদের কৃতজ্ঞতা জানাই। আমি আশা করছি, শেষ পর্যন্ত যাঁরা মুখ খুলেছেন, তাঁদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে প্রমাণ করতে পারব, কেন এতটা সময় আমাদের অপেক্ষা করতে হলো। পুরুষেরা যৌন হয়রানি করেছে, কারণ তারা তা করতে পারে। নারীরা আজ কথা বলছে, কারণ নতুন এই যুগে আমরা অবশেষে কথা বলতে পেরেছি।
সালমা হায়েক: অভিনেত্রী ও প্রযোজক।
নিউইয়র্ক টাইমস থেকে ভাষান্তর: রাজিউল হাসান
হার্ভিকে নিয়ে মুখ খুললেন যাঁরা
অ্যাঞ্জেলিনা জোলি, কেট বেকিনসেল, হিদার গ্রাহাম, গিনেথ প্যালট্রো, অ্যাশলে জুড, কারা ডালাভিনেন, লিয়া সেদ্যু, লুপিতা নিয়োঙ্গো, মিরা সরোভিন, এশিয়া আর্জেন্টো, রোজ ম্যাকগাওয়ানও, জেসিকা বার্থ, রোজানা আরকেট, উমা থারম্যান, লিজা ক্যাম্পবেল, লিনা হিডি, এভা গ্রিন প্রমুখ।