হার্ভি ওয়াইনস্টিন নিজেকে দোষী ভাবছেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হার্ভি ওয়াইনস্টিন
হার্ভি ওয়াইনস্টিন


হলিউডের সাবেক ‘মুভি মোগল’ হার্ভি ওয়াইনস্টিনের কুকীর্তি নতুন করে বয়ান করার কিছু নেই। ৭০ জন নারী এই নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ এনেছেন। এই অভিযোগে অস্কার কমিটি থেকে বহিষ্কৃত হন হার্ভি। এমনকি তাঁকে বাদ দেওয়া হয়েছে নিজের প্রতিষ্ঠান দ্য ওয়াইনস্টিন কোম্পানি থেকেও। এত কিছুর পরও হার্ভি আশায় বুক বেঁধে আছেন। তাঁর ধারণা, হলিউড একদিন তাঁকে ঠিক ক্ষমা করবে।

অ্যাঞ্জেলিনা জোলি, গিনেথ প্যাল্ট্রো, অ্যাশলে জড, কারা ডালাভিনেন, কেট বেকিনসেল, লি সিডু, সালমা হায়েক, জেনিফার লরেন্স, হেদার গ্রাহামসহ অনেক অভিনেত্রী ও মডেলকে বিভিন্ন সময় অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন হার্ভি। এমনকি ভারতীয় তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনকেও নিজের শিকার বানাতে চেয়েছিলেন। পরে অবশ্য তা পারেননি। গত বছর অভিনেত্রী রোজ ম্যাকগোয়ানও টুইটারে হার্ভির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এর মধ্যে ব্রিটিশ মডেল ও অভিনেত্রী কারা ডালাভিনেন হার্ভির যৌন নির্যাতনের বর্ণনা দিয়ে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দেন।

একসময় হার্ভি ওয়াইনস্টিন নামটি ছিল এক ক্ষমতাধর ও সফল প্রযোজকের নাম। এখন এই নামটি চলচ্চিত্রজগতে রীতিমতো একটি ‘গালি’তে পরিণত হয়েছে। এ বছর হলিউডের প্রতিটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হার্ভি আর তাঁর মতো যৌন নিপীড়কদের ধুয়ে দিয়েছে সবাই। যৌন নির্যাতনের বিরুদ্ধে ‘মি টু’ ও ‘টাইমস আপ’ ক্যাম্পেইন শুরু হতো না যদি হার্ভির মতো ব্যক্তিরা যৌন নির্যাতনে দানবীয় আকার ধারণ করতেন। এটা ঠিক, কাস্টিং কাউচ বিতর্কে হার্ভি একমাত্র অভিযুক্ত নন। কিন্তু তাঁর অপরাধের মাত্রা অন্য সবার থেকে অনেক বেশি।

এত কিছুর পরও হলিউড তথা নারী সমাজ হার্ভিকে মাফ করতে পারবে বলে মনে হয় না। অনেক ছাড় দেওয়া হয়েছে, আগের মতো উদারতা বুঝি আর দেখাবে না হলিউড। আর বাতাস এখন যেদিকে বইছে, তা সম্পূর্ণ হার্ভির বিপরীতে। তাঁর পক্ষে উঁচু গলায় কথা বলার একটি লোকও অবশিষ্ট নেই। তবু হার্ভির মনে হয়, তাঁর ব্যাপারে হলিউডের ‘শিথিল’´হওয়া উচিত। হার্ভিকে এখন অ্যারিজোনার একটি ক্লিনিকে রেখে মানসিক চিকিৎসা দেওয়া হচ্ছে। যৌন বিকারগ্রস্ত এই চলচ্চিত্র নির্মাতার সঙ্গে মার্কিন টেলিভিশন উপস্থাপক পিয়ার্স মরগ্যান সেই ক্লিনিকে দেখা করেন। তাঁর সঙ্গে সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ দাবি করে হার্ভি বলেন, ‘কোনো নারীর মতের বিরুদ্ধে আমি যৌন সম্পর্ক স্থাপন করিনি।’

অস্কারজয়ী এই নির্মাতা আরও বলেন, ‘আমি একমাত্র খলনায়ক নই। হলিউডে প্রাচীনকাল থেকে এমনটা হয়ে আসছে। এটা এখন নিয়মে পরিণত হয়েছে। তাই বলছি, আমাকে একটু ছাড় দিন।’

‘পাল্প ফিকশন’, ‘মালেনা’, ‘দ্য কিংস স্পিচ’, ‘শেক্‌সপিয়ার ইন লাভ’, ‘মাই উইক উইথ মেরিলিন’, ‘গ্যাংস অব নিউইয়র্ক’-এর ছবির প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন। তিনি প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান দ্য ওয়ানস্টিন কোম্পানির প্রধান ছিলেন। ছিলেন মিরাম্যাক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা। কিন্তু যৌন হয়রানির অভিযোগ পাওয়ায় তাঁকে তাঁরই প্রযোজনা প্রতিষ্ঠান দুটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই শাস্তির পর তিনি ব্যবসা না করে আপাতত পরিবার নিয়েই ব্যস্ত থাকার কথা জানান। হিন্দুস্তান টাইমস