হার্ভি-কাণ্ডে মুখ খুললেন পিটার জ্যাকসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হার্ভি ওয়াইনস্টিন ও পিটার জ্যাকসন
হার্ভি ওয়াইনস্টিন ও পিটার জ্যাকসন

একের পর এক অভিযোগ উঠছে হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে। সোচ্চার এখন শুধু অভিনেত্রীরাই নন, তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন পুরুষ সহকর্মীরাও। এই যেমন লর্ড অব দ্য রিংস-এর পরিচালক পিটার জ্যাকসন। দুই অভিনেত্রী মিরা সরভিনো ও অ্যাশলে জুডকে কেন লর্ড অব দ্য রিংস সিরিজে নেওয়া হয়নি, সেটার কারণ এত দিনে বুঝতে পেরেছেন পিটার। সেই ঘটনা প্রকাশ করার পর মিরা ও অ্যাশলে দুজনেই ধন্যবাদ জানিয়েছেন পিটারকে।

অ্যাশলে জুড ও  মিরা সরভিনো
অ্যাশলে জুড ও মিরা সরভিনো

লর্ড অব দ্য রিংস-এর কাজ প্রথমে হার্ভির প্রতিষ্ঠান মিরাম্যাক্সের তত্ত্বাবধানে ছিল। পরে অবশ্য তা নিউ লাইন সিনেমাকে দিয়ে দেওয়া হয়। পিটার বলেন, প্রথম দিকে মিরা ও অ্যাশলেকে ছবির দুই চরিত্রের জন্য তাঁর পছন্দ ছিল। কিন্তু মিরাম্যাক্স থেকে এই দুই অভিনেত্রীর নাম কালো তালিকাভুক্ত করা হয়। মিরাম্যাক্সের ভাষ্য ছিল, যেভাবেই হোক, এই দুই অভিনেত্রীকে বাদ দিতে হবে। সে জন্য পিটার আর তাঁদের কথা ভাবেননি, আলোচনাও করেননি। কিন্তু এবার যখন এই দুই অভিনেত্রী হার্ভির যৌন হয়রানির কথা বললেন, তখনই পিটার আসল কারণটা বুঝতে পারলেন। পিটার বলেন, ‘আমি এখন সন্দেহ করছি যে এই দুই মেধাবী অভিনেত্রী সম্পর্কে আমাদের মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল, যে কারণে সরাসরি তাঁদের তালিকা থেকে বাদ দিতে হয়েছিল।’
পিটারের এই সত্য ঘটনা প্রকাশ করার জন্য টুইটারে মিরা ও অ্যাশলে তাঁকে ধন্যবাদ জানান। মিরা লিখেছেন, ‘এটা নিশ্চিত করে যে হার্ভি ওয়াইনস্টিন আমার অভিনয়জীবনকে লাইনচ্যুত করেছে। আমি এমন কিছুই সন্দেহ করেছিলাম কিন্তু নিশ্চিত হতে পারছিলাম না। সততার জন্য ধন্যবাদ পিটার জ্যাকসন।’
আর অ্যাশলে লিখেছেন, ‘সত্যটা সামনে আনার জন্য তোমার প্রশংসা করছি। ধন্যবাদ, পিটার।’ সূত্র: বিবিসি।