হায়েকের বানর-প্রেম!

নায়িকার জন্মদিনে কী উপহার দিতে পারেন নায়ক? বাজি ধরেই বলা যায়, উপহারটি চমকে দেওয়ার মতোই হবে। ডেসপেরাডো ছবি করার সময় আন্তোনিও ব্যান্ডেরাস সালমা হায়েককে উপহার দিয়েছিলেন একজোড়া বানর!
গত বুধবার ৪৯-এ পা দিলেন সালমা। জন্মদিনে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বিস্ময়কর উপহারের নাম বলতে গিয়ে ওই দুই বানরের কথাই বলেছেন তিনি। বহুল আলোচিত সেই ছবির নায়ক-নায়িকার নামেই বানর দুটির নাম রাখা হয়েছিল ক্যারোলিনা ও মারিয়াচি।
হায়েক বলেছেন, ‘ডেসপেরাডোতে অভিনয় করার কথা ছিল বানর দুটির। ওদের সঙ্গে বেশ সময় কাটাতাম। কিন্তু শেষ পর্যন্ত তাদের ছবি থেকে বাদ দেওয়া হয়। এরপর ওদের সরিয়েও নেওয়া হয়। সারাক্ষণ ওদের সঙ্গে সময় কাটাতাম। তাই তাদের চলে যাওয়ার পর আমি ভেঙে পড়েছিলাম, ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিও। পরদিন ছিল আমার জন্মদিন। আন্তোনিও আমাকে বড় একটা বাক্স উপহার দিল। বাক্স খুলতেই দেখি ওই বানর দুটি! এরপর থেকে ওই দুটি বানর আমার সঙ্গে ছিল।’ পিটিআই।