হিউ জ্যাকম্যান আর ক্যানসার

এ নিয়ে পাঁচবার চিকিৎসা করালেন হিউ জ্যাকম্যান। ত্বক ক্যানসারে ভুগছেন হলিউডের এই খ্যাতনামা তারকা। শেষবার চিকিৎসার পর ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করে ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকদের আর ভক্তদের পরামর্শ দিয়েছেন সানস্ক্রিন ব্যবহার করতে। এবার নাক থেকে সরানো হয়েছে ক্যানসার কোষ।
২০১৩ সাল থেকে ত্বকের ক্যানসারে ভুগছেন ‘উলভারিন’ তারকা। তাঁর স্ত্রী ডেবোরা লি ফারনেস প্রথম তাঁর নাকে একটি দাগ দেখতে পেয়ে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। অনেকটা স্ত্রীর চাপে পড়েই চিকিৎসকের কাছে যান তিনি। এরপর ক্যানসারের নাম শুনে ভয় পেয়ে যান। কিন্তু উন্নত চিকিৎসার সুবাদে এখন অনেক ভালো আছেন হিউ। এখন তিন মাস পর পর সাধারণ পরীক্ষা করান। এ পর্যন্ত তাঁর নাক থেকে চারবার ও কাঁধ থেকে একবার ক্যানসার কোষ সরানো হয়েছে।
হিউ জানান, তিনি কখনোই সানস্ক্রিন ব্যবহার করেননি। আর তাই হয়তো তিনি ক্যানসারের মুখোমুখি হয়েছেন। তিনি তাঁর রোগ নিয়ে কখনো লুকোচুরি করেননি। নিজের উদাহরণ দিয়ে সব সময় ভক্তদের সচেতন হতে পরামর্শ দিয়েছেন।
ইয়াহু সেলিব্রিটি, পিপল।