হিউ জ্যাকম্যানকে দেখা...
ভিড়ের মধ্যে কেউ একজন গলা ফাটিয়ে চিৎকার দিল, ‘হিউ...’। ছোটখাটো একটা আলোড়ন উঠল অপেক্ষমাণ দর্শকসারিতে। কারও একটা হাতের গুঁতোয় ক্যামেরার ফোকাস গেল ভচকে। লালগালিচার ওপাশে বড় পর্দায় তাকাতেই চক্ষু-কর্ণের বিবাদভঞ্জন। হ্যাঁ, সত্যিই হিউ জ্যাকম্যান, অর্থাৎ পর্দার ‘উলভারিন’!
ধূসর কেতাদুরস্ত পোশাক। মুখে মাপা হাসি। ঝাঁ চকচকে গাড়ি থেকে লালগালিচায় নেমেই হিউ একের পর এক অটোগ্রাফ–শিকারির আবদার মিটিয়ে যাচ্ছেন। ভক্তদের উচ্ছ্বসিত চিৎকার আর যেন বাঁধ মানতে চাইছে না।
বার্লিন সময় ১৭ ফেব্রুয়ারি, রাত ১০টা প্রায়। খানিক পরপর বৃষ্টি, সঙ্গে হিমশীতল বাতাস। সেসব থোড়াই কেয়ার করেন এই হলিউড তারকার ভক্তরা। সবকিছু উপেক্ষা করে ঠায় দাঁড়িয়ে থাকেন লালগালিচার দুই পাশে—প্রিয় তারকাকে দেখার অপেক্ষায়।
‘আমি দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। লাগলে আরও দুই ঘণ্টা দাঁড়াব।’ বলছিলেন হাফিজ। ইন্দোনেশীয় এই তরুণ জার্মানিতে এসেছেন পড়ালেখা করতে। তাঁর পাশেই চৈনিক চেহারার আরও দুজন। হাফিজের কথায় ওরাও হাসল। বার্লিন সময় রাত ১০টায় হিউ জ্যাকম্যানের লোগান ছবির প্রদর্শনী বার্লিনাল পালাস্তে। ওরা সদলবলে দাঁড়িয়ে আছে সেই ৮টা থেকে।
ওরা একা নয়। একটু আগে এক পূর্ব ইউরোপীয় জুটিকে দেখছিলাম। চাদর বিছিয়ে লালগালিচার পাশে প্রায় সংসার পেতে ফেলেছেন।
ভক্তদের আশা পূরণ করার যথাসাধ্য চেষ্টা করেছেন হিউ। ঘুরে ঘুরে চারপাশের দর্শকদের অটোগ্রাফ দিয়েছেন লম্বা সময় ধরে।

একটু কি বয়সের ছাপ পড়েছে চেহারায়? অবশ্য লোগান ছবিতে তিনি অভিনয় করেছেন বয়সের সঙ্গে যুদ্ধ করতে থাকা এক সুপার হিরোর চরিত্রে। সে কারণেই হয়তো। বলা হচ্ছে, উলভারিন হিসেবে এটাই তাঁর শেষ ছবি। লালগালিচায় হিউ জ্যাকম্যানের সঙ্গী ছিলেন প্রফেসর এক্স (প্যাট্রিক স্টুয়ার্ট)।
হিউ জ্যাকম্যান বার্লিনাল পালাস্তে ঢুকে যাওয়ার আগে শেষবারের মতো হাত নাড়ছেন। আর আমি পাশে দেখছি এক মধ্যবয়সী নারী মহা উত্তেজিত হয়ে ফোনে কথা বলছেন, ‘মমা, হিউ জ্যাকম্যান। হিউ জ্যাকম্যান!’ ভাষা না বুঝলেও বার্তা পরিষ্কার। হিউ জ্যাকম্যানের অটোগ্রাফ পেয়েছেন তিনি, সেই উত্তেজনা ভাগাভাগি করতেই ফোন দিয়েছেন মাকে।