হিতে বিপরীত
নব্বই দশকের তুখোড় মডেল ছিলেন লিন্ডা ইভানজেলিস্টা। কেট মস ও নওমি ক্যাম্পবেলের সঙ্গে পাল্লা দিয়ে ফ্যাশন জগতে দাপিয়ে বেড়িয়েছেন। আশি ও নব্বই দশকে ফ্যাশন সাময়িকীর প্রচ্ছদকন্যা হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন লিন্ডা।
এরপর হুট করেই এই জগৎ থেকে নাই হয়ে যান তিনি। সম্প্রতি তার কারণ জানা গেল। নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন তা। সৌন্দর্য বাড়াতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, নন–সার্জিক্যাল কসমেটিকস সার্জারির ভুল প্রয়োগে তাঁর ক্যারিয়ার শেষ হয়ে গেছে। বেশ কয়েক বছর ছিলেন একা। ভুগেছেন বিষণ্নতায়।
ইনস্টাগ্রাম পোস্টে ইভানজেলিস্টা জানান, ভুল অপারেশনের পরে তাঁর শরীরে পরিবর্তন আসা শুরু করে। তিনি লেখেন, ‘আমি প্যারাডক্সিক্যাল অ্যাডিপোজ হাইপারপ্লাসিয়ায় ভুগি। এটা শুধু আমার জীবনযাপন প্রণালিই ধ্বংস করেনি, আমাকে গভীর বিষণ্নতা, চরম দুঃখ ও ঘৃণার সর্বনিম্ন চক্রের মধ্যে ফেলে দিয়েছিল। এই সময়ে আমি নিজেকে গুটিয়ে নিই।’ এই মডেল জানান, পাঁচ বছর নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। তাঁর কথায়, তখন তাঁকে ফ্যাশন জগতে ‘অচেনা’ হিসেবে উল্লেখ করা হয়।