হিলারির অনুষ্ঠানে থাকছেন না ডিক্যাপ্রিও!

হিলারি ক্লিনটনের জন্য তহবিল সংগ্রহে থাকছেন না হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। তাঁর বদলে সেই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মার্কিন অভিনেতা জাস্টিন টিম্বারলেক ও অভিনেত্রী জ্যাসিকা বেল।
হিলারির জন্য তহবিল সংগ্রহে যুক্ত একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবারের আগে লস অ্যাঞ্জেলেসে পৌঁছাতে পারবেন না অভিনেতা ডিক্যাপ্রিও। সে জন্য টিম্বারলেক ও বেলই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন। একটি প্রামাণ্যচিত্র নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। আগামী নয় সেপ্টেম্বর টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে রয়েছে ওই প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী। তাই সেটি শেষ করার তাড়া রয়েছে তাঁর।
জলবায়ু পরিবর্তন নিয়ে ‘বিফোর দ্য ফ্লাড’ প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছেন ডিক্যাপ্রিও। বিশ্বের স্থানীয় জনগোষ্ঠী, বাস্তুসংস্থান, বিপন্ন প্রজাতির মৃত্যু ও ধ্বংস কীভাবে প্রতিরোধ করা যাবে প্রামাণ্যচিত্রে সেসবই দেখানো হয়েছে। প্রামাণ্যচিত্রটিতে আছেন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, স্টেট সেক্রেটারি জন কেরি, জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও পোপ ফ্রান্সিস। প্রামাণ্যচিত্র উপস্থাপনা করবেন বিজ্ঞানী ও সংরক্ষণবাদীরা। ইয়াহু নিউজ