হোমসে ক্ষিপ্ত ক্রুজ

শত্রুর শত্রু আমার বন্ধু, শত্রুর বন্ধু আমারও শত্রু। এই হলো চাণক্যনীতি। কেটি হোমস তাই হয়তো এখন টম ক্রুজের পুরোনো শত্রু মার্কিন অভিনেত্রী লিয়া রেমিনির শিবিরে গিয়ে তাঁবু গেড়েছেন। আর এ কারণে ক্রুজও ভীষণ খেপেছেন হোমসের ওপর।

একসময় ক্রুজের সায়েন্টোলজিতে বিশ্বাস ছিল রেমিনির। কিন্তু এখন তিনি সেই দর্শন শুধু ছাড়েনইনি, ট্রাবলমেকার নামের স্মৃতিকথায় এমন সব তথ্য তুলে এনেছেন, যাতে চমকে যেতেই হয়। সায়েন্টোলজির পুরুতদের কাছে নির্মম আচরণের শিকার হয়েছেন বলেই দাবি রেমিনির।
এই বই প্রকাশের পর হোমস বিবৃতি দিয়ে রেমিনির কাছে ক্ষমাপ্রার্থনা করেন। আর তাতেই চটে গেছেন ক্রুজ। সাবেক স্ত্রী কেটি হোমসের সঙ্গে তাঁর চুক্তি ছিল, বিচ্ছেদের পর সায়েন্টোলজি নিয়ে কোনো কথা বলবেন না। কিন্তু রেমিনির কাছে দুঃখ প্রকাশ করা এক অর্থে তাঁর সব দাবিকে স্বীকার করে নেওয়াও। আর এটাই মানতে পারছেন না টম ক্রুজ। আইএএনএস।